নকলনবিশদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ভূমি নিবন্ধন (রেজিস্ট্রার) কার্যালয়সহ ২২টি কার্যালয়ের অতিরিক্ত নকলনবিশদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁরা এ ঘোষণা দেন।
তিন অফিস সহকারীকে নকলনবিশ পদে পদোন্নতি দেওয়ায় সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২৯ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন অতিরিক্ত নকলনবিশেরা। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত নকলনবিশ হিসেবে কাজ করছেন। কিন্তু তাঁদের কাউকে নিয়োগ না দিয়ে অফিস সহকারীকে পদোন্নতি দিয়ে তাঁদের বঞ্চিত করা হয়েছে।
বাংলাদেশ অতিরিক্ত নকলনবিশ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সহসভাপতি পারসেত আনোয়ার প্রথম আলোকে বলেন, জেলা রেজিস্ট্রারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সবাই কাজে যোগ দেবে।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ জানান, ভবিষ্যতে নকলনবিশ পদে কাউকে নিয়োগ দেওয়া হলে তাঁদের মধ্যে থেকে দেওয়া হবে। বুধবারও তাঁদের দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিন অফিস সহকারীকে নকলনবিশ পদে পদোন্নতি দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। তাঁরা উচ্চ আদালতে রিট করলে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন আদালত।