নকলনবিশদের বিক্ষোভ রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা (এক্সট্রা মোহরার) বসার জায়গা নির্ধারণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। গতকাল সোমবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে তাঁরা জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে নকলনবিশেরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাঁরা তাঁদের দাবিদাওয়া-সংবলিত ব্যানার নিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন। পরে একই স্থানে সমাবেশ শেষে জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে দুুর্নীতির অভিযোগ এনে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশে নকলনবিশ সমিতির সদর ইউনিটের সভাপতি জানিয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মো. হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে বর্তমানে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ৬০ জন নকলনবিশ রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা নির্দিষ্ট একটি জায়গায় বসে কাজের সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু জেলা রেজিস্ট্রার তাঁদের দাবি পূরণ না করে বালাম তল্লাশকারীদের একটি কক্ষ দখলে সহায়তা করেন।