নকলবাজ প্রকাশকেরা পলাতক, গাইড বই জব্দ, মামলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ও অবৈধ বই খুঁজতে গতকাল সোমবার রাজধানীর বাংলাবাজারে পুলিশ নিয়ে হানা দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি প্রতিনিধিদল। কিন্তু আগেই খবর পেয়ে নকলবাজ প্রকাশকেরা দোকান বন্ধ করে গা ঢাকা দেন।একই সঙ্গে রাজধানীর নীলক্ষেত, উত্তরা ও বেইলি রোড এলাকার কয়েকটি দোকান থেকে নকল বই এবং গাইড বইয়ের মধ্যে জুড়ে দেওয়া এনসিটিবির বই জব্দ করেছে এনসিটিবি।গতকাল সোমবার প্রথম আলোয় ‘এক বইয়ে চার কোটি টাকার অবৈধ বাণিজ্য’ শিরোনামে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। উচ্চমাধ্যমিক বাংলা বইটি নকল করে এবং গাইড বইয়ের মধ্যে মূল বই জুড়ে দিয়ে নকলবাজ চক্রটি এনসিটিবির প্রায় চার কোটি টাকা ক্ষতি করেছে। লেকচার, গ্যালাক্সি ও মিজান পাবলিশার্সের গাইড বইয়ের মধ্যে এনসিটিবির বই জুড়ে দেওয়া হয়েছে।এনসিটিবি সূত্র জানায়, এ সংক্রান্ত খবর দেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এনসিটিবি। সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যে নকলবাজ প্রকাশকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে এবং ক্ষতিপূরণ দাবি করে মামলা করবে এনসিটিবি।গতকাল এনসিটিবির উপসচিব মোহসিন কবীরসহ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ বাংলাবাজারে পরিচালিত অভিযানে অংশ নেন। এ সময় তাঁরা লেকচার পাবলিকেশন্সের বিক্রয়কেন্দ্র তালাবদ্ধ দেখতে পান। তবে বিভিন্ন দোকান থেকে লেকচার পাবলিকেশন্সের গাইড বই এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেন।তামান্না পাবলিকেশন্স নামের একটি প্রকাশনী সংস্থাও গাইড বইয়ের মধ্যে এনসিটিবির বই জুড়ে দিয়েছে বলে তথ্যপ্রমাণ পায় তদন্ত দল। ওই প্রতিষ্ঠানের ৭২০ কপি গাইড বই পুলিশ জব্দ করে। বাংলাবাজার থেকে দুই কর্মচারীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।এনসিটিবির বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত বিশেষ কর্মকর্তা রতন সিদ্দিকী গতকাল নীলক্ষেত, উত্তরা ও বেইলি রোডের কয়েকটি দোকান থেকে নকল বই এবং মূল বই জুড়ে দেওয়া গাইড বই সম্পর্কে খোঁজখবর নেন।