নকলসহ ধরার পর জানা গেল তিনি এক পরিচালকের মেয়ে
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল গতকাল শুক্রবার ঢাকা কলেজ কেন্দ্রে। কেন্দ্রের ৭ নম্বর গ্যালারিতে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগ এনে প্রতিবাদ করেন কক্ষের অন্য পরীক্ষার্থীরা। ওই কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকেরা বিষয়টি যাচাই করতে গিয়ে ওই পরীক্ষার্থীর কাছে নকল পান।পরে জানা যায়, ওই পরীক্ষার্থী ইসলামিক ফাউন্ডেশনের এক পরিচালকের মেয়ে। নকলের অভিযোগে তাঁকেসহ দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ফাউন্ডেশন সূত্র জানায়, প্রতিষ্ঠানের ৩১টি সহকারী পরিচালক, জনসংযোগ, গবেষণা, পরিকল্পনা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমামসহ ৮০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয় গতকাল। ঢাকা কলেজের ৭ নম্বর গ্যালারিতে সহকারী পরিচালক পদের ১২০ জন পরীক্ষার্থীর আসন পড়েছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।ওই কক্ষের পরীক্ষার্থী মো. মোশাররফ হোসেন (রোল নম্বর ৮১৮) ঘটনা সম্পর্কে প্রথম আলোকে বলেন, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর ইসলামিক ফাউন্ডেশনের সচিবসহ একটি দল তাঁদের কক্ষ পরিদর্শনে আসে। পরিদর্শন শেষে দলটির একজন কক্ষে থেকে যান। ওই ব্যক্তি ৮০৯ নম্বর রোল নম্বরধারী পরীক্ষার্থীর কাছে গিয়ে তাঁকে একটি ভাঁজ করা কাগজ দেন। ওই কাগজটি ছিল উত্তর লেখাসহ প্রশ্নপত্র। ওই পরীক্ষার্থী ভাঁজ খুলে তা উত্তরপত্রের নিচে রাখেন। এ ছাড়া ওই পরীক্ষার্থীর সামনের বেঞ্চে বসা ৮০৮ রোল নম্বরধারী পরীক্ষার্থীকে ওই পরীক্ষার্থীর পাশে এনে বসান। কক্ষের অন্য পরীক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে শিক্ষকেরা নকলসহ ওই পরীক্ষার্থীকে ধরেন। এ সময় কাগজটি সরবরাহ করা ব্যক্তি কক্ষ ত্যাগ করেন। একপর্যায়ে কলেজের উপাধ্যক্ষ ও ফাউন্ডেশনের সচিব আসেন এবং নকল ও উত্তরপত্রসহ ৮০৯ ও ৮০৮ রোল নম্বরধারী দুজনকে সঙ্গে নিয়ে কক্ষ থেকে চলে যান। পরে জানানো হয়, তাঁদের বহিষ্কার করা হয়েছে। পরে তাঁরা জেনেছেন, ওই পরীক্ষার্থী ফাউন্ডেশনের এক পরিচালকের মেয়ে।ওই কক্ষে দায়িত্ব পালন করা ঢাকা কলেজের একজন শিক্ষক বলেন, ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে পরিদর্শক দলে প্রতিষ্ঠানের গবেষণা শাখার পরিচালক আয়ুব আলী চৌধুরীও ছিলেন। পরিদর্শন শেষে দলের অন্যরা চলে গেলেও তিনি অবস্থান করেন। পরিচালক হওয়ায় তাঁকে অবস্থানের সুযোগ দেওয়া হয়। কয়েকজন পরীক্ষার্থী বলেন, ওই ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।অভিযোগের বিষয়ে আয়ুব আলী চৌধুরী বলেন, ‘আমি পরিদর্শক ছিলাম। ওই কক্ষেও গিয়েছিলাম। আমার মেয়ে ওই কক্ষে ছিল। তবে তাকে কোনো ধরনের নকল সরবরাহ করিনি। এমনকি তার পরীক্ষা কেমন হচ্ছে, তা-ও জানতে চাইনি।’ তিনি দাবি করেন, ‘আমার অনেক শত্রু আছে। তাঁরা ইচ্ছা করে আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।’ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল করিম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পুরো পরীক্ষা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল আমার ওপর। ওই কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষকেরা নকলের বিষয়টি আমাকে জানান। এ ঘটনায় দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্র থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’