নকলা-নাকুগাঁও সড়ক চার লেনে উন্নীত করা হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নকলা থেকে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে। গতকাল শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।কলসপাড় ইউনিয়নের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি, চাল ও খেজুর বিতরণকালে মতিয়া চৌধুরী বলেন, ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। এ জন্য এশিয়ান হাইওয়ে প্রকল্পের আওতায় নকলা উপজেলা থেকে নাকুগাঁও পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে।মন্ত্রী বলেন, ‘অশান্তি চাইলে বিএনপিকে ভোট দেবেন, আর শান্তি চাইলে আওয়ামী লীগকে ভোট দেবেন। আমগাছ লাগাইয়া আম খাবেন কিন্তু আমড়াগাছ লাগাইয়া আম আশা করা ঠিক হবে না।’গতকাল বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার কলসপাড়, রাজনগর, নন্নী ও পোড়াগাঁও ইউনিয়নের দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে এক হাজার ১৫২টি শাড়ি, দুই হাজার ৬৫৬ জনকে জনপ্রতি ১০ কেজি করে আতপ চাল এবং ২২২ কেজি খেজুর বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাছিরুজ্জামান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক বানেজ আলী মিয়া, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা প্রমুখ।