নকলার চরাঞ্চলে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ
শেরপুরের নকলা উপজেলার পশ্চিম নারায়ণখোলার দুর্গম চরাঞ্চলে গত শনিবার গভীর রাতে ডাকাতদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ পিস্তল, দেশীয় তৈরি দুটি বন্দুক ও থ্রি নট থ্রি রাইফেলের ৯২টি গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রের ভাষ্যমতে, শনিবার রাতে পুলিশ খবর পায় ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার একদল ডাকাত পশ্চিম নারায়ণখোলার দুর্গম চরে অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের নেতৃত্বে শেরপুর ও নকলা থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষ ৫০টি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পুরোনো ব্রহ্মপুত্রের শাখানদী দিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।