নকলায় কলেজছাত্র হত্যায় জড়িতদের শাস্তি দাবি
শেরপুরের নকলায় কলেজছাত্র সুজন মিয়াকে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ইউনাইটেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
নিহত সুজন মিয়া ওরফে সজল (২২) নকলা উপজেলার কবুতরমারী গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি ইউনাইটেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র ছিলেন।
গতকাল দুপুরে আয়োজিত ওই মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নিহত সুজনের গ্রামের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি নকলার কবুতরমারী গ্রামে প্রতিপক্ষের হামলায় সুজন খুন হন। এ ঘটনায় তাঁর বাবা সুলতান মিয়া বাদী হয়ে আবদুল মোতালেবকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে নকলা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে ২০ জানুয়ারি প্রথম আলোয় ‘জমি নিয়ে বিরোধে শিক্ষার্থী খুন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রধান আসামি মোতালেব সুলতান মিয়ার চাচাতো ভাই।
এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি মোতালেবসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁরা জেলা কারাগারে আছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।