নকলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় মালেকা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।

মালেকা নকলার চরঅষ্টধর ইউনিয়নের রেহাইঅষ্টধর সিকদার পাড়া গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে মালেকার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে গতকাল শুক্রবার দুপুরে শেরপুর জেলা হাসপাতালের মর্গে মালেকার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে বেলায়েত হোসেনের সঙ্গে নকলা পৌর শহরের কলাপাড়া এলাকার মৃত মাজব আলীর মেয়ে মালেকা বেগমের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে আছে। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বেলায়েতের সঙ্গে মালেকার দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বিকেলে মালেকার বড় ছেলে মাজহারুল ইসলাম (১৪) বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে তার মায়ের লাশ ঝুলতে দেখতে পায়। খবর পেয়ে চন্দ্রকোনা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালেকার স্বামী বেলায়েত ও শাশুড়ি ছবিলা বেওয়া বাড়ি থেকে পালিয়ে যান। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মালেকার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চন্দ্রকোনা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জহুর আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মালেকার সৎমা পারভীন বেগম বাদী হয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন। সুরতহাল প্রতিবেদনে মালেকার গলায় কালো চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে গতকাল জেলা হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মালেকার মৃত্যু হত্যা না আত্মহত্যা; ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।