নকলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ স্লোগান সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার।
উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।
বক্তব্য দেন অধ্যাপক যতীন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান, নকলা পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ।
সভায় যতীন সরকার বলেন, ‘বই মানুষকে আলোকিত করে, মানুষের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে। তাই বই পড়ার বিকল্প নেই। এই বিশ্বকে জানতে হলে, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়তে হলে আমাদের সবাইকে সঠিক বই পড়ে জ্ঞানার্জন করতে হবে।’
মেলা উপলক্ষে ইউএনও রাজীব কুমার সরকার রচিত রম্যরচনা কবি সব করে রব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই মেলায় বিভিন্ন গ্রন্থাগারিক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১২টি স্টল স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রতিদিন মেলায় আলোচনা সভা, কবিতা পাঠ, কুইজ, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় মেলা শেষ হবে।