নকলায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। চলছে পথসভা ও উঠান বৈঠক। পোস্টারে ছেয়ে গেছে এলাকা। সম্প্রতি সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে৷ স্থানীয় লোকজন জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন৷ তবে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে৷
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জুন নকলা উপজেলা পরিষদ নির্বাচন হবে৷ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও চর অষ্টধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও বিএনপির নেতা জহিরুল ইসলাম। এখানে ভোটার এক লাখ ৩২ হাজার ৬০৪ জন৷
দলীয় সূত্রে জানা গেছে, এই সাত প্রার্থীর মধ্যে শাহ বোরহান উদ্দিনকে আওয়ামী লীগ ও উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী চৌধুরী ওরফে মনিকে বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা এবং ভোটাররা জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তবে আওয়ামী লীগের বোরহান উদ্দিন ও গোলাম রব্বানী এবং বিএনপির মাহবুব আলী চৌধুরীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সূত্র আরও জানায়, কৃষিমন্ত্রী ও শেরপুর-২ আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নকলায় তাঁর সহায়তায় বর্তমান চেয়ারম্যান এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুব আলী চৌধুরী জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় পার্টির আমলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও নকলা শহরের ধুকুরিয়া মহল্লার মাহবুবুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীই বোরহানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
মাহবুব আলী চৌধুরী দাবি করেন, দলের উপজেলা ও তৃণমূলের সব নেতা-কর্মী তাঁর পক্ষে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। দল তাঁকে মনোনয়ন দিয়েছে। তাই বিদ্রোহী প্রার্থী নিয়ে তিনি কিছু ভাবছেন না। সাধারণ মানুষ তাঁর সঙ্গে আছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে তিনি জয়ী হবেন৷
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত হোসেন ও মনির হোসেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন ও জহিরুল ইসলাম নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা দলের মূল প্রার্থীর ভোটে ভাগ বসাতে পারেন বলে সাধারণ ভোটাররা মনে করছেন।