নকলায় পুত্রকে আটকের পর পিতার মৃত্যু, থানা অবরোধ
শেরপুরের নকলা উপজেলার কায়দা মধ্যপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে পুলিশ এক যুবককে আটকের পর তাঁর পিতা অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গভীর রাতে প্রায় এক ঘণ্টা নকলা থানা অবরোধ করে রাখে। পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কায়দা মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী মকবুল হোসেনের (৫২) ছেলে ছাইফুদ্দিন (২৫) প্রায়ই প্রতিবেশী এক তরুণীকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে গত ৩০ জুলাই ছাইফুদ্দিনের সঙ্গে মেয়েটির বাগিবতণ্ডা হয়। ওই দিনই মেয়েটির মা নকলা থানায় ছাইফুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নকলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন পুলিশ কায়দা মধ্যপাড়া গ্রামে মকবুলের মনোহারী দোকানে যায়। তারা দোকানে কর্মরত ছাইফুদ্দিনকে আটক করে ভ্যানে তোলে। খবর পেয়ে মকবুল বাড়ি থেকে দ্রুত দোকানে যান এবং পুলিশের কাছে তাঁর ছেলেকে আটকের কারণ জানতে চান। এ নিয়ে এএসআই আবদুর রাজ্জাকের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে মকবুল অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পুলিশ সদস্যরা ছাইফুদ্দিনকে ছেড়ে দিয়ে চলে যান। এলাকাবাসী অসুস্থ মকবুলকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত একটার দিকে তিনি মারা যান।মকবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্য কায়দা গ্রামের শতাধিক লোক মঙ্গলবার গভীর রাতে নকলা থানা অবরোধ করে পুলিশ কর্মকর্তা আবদুর রাজ্জাকের বিচার দাবি করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিহুর রহমান ঘটনাটি শেরপুরের পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেন। এসপির নির্দেশে তাৎক্ষণিকভাবে এএসআই আবদুর রাজ্জাককে নকলা থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। গতকাল বুধবার সকালে শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) মো. ইদ্রিস আলী ভূঞা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন শিকদার নকলায় গিয়ে মৃত মকবুলের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে মকবুলের মরদেহ দাফন করা হয়।সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন শিকদার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার জন্য নকলা থানার এএসআই আবদুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।