নকলায় ফের ১৪ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ব্যবধানে শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী উচ্চবিদ্যালয়ের ১৪ জন ছাত্রী আবার গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়া ছাত্রীরা হচ্ছে ষষ্ঠ শ্রেণির সুমাইয়া ও সাথী (১); সপ্তম শ্রেণির শেফালী; অষ্টম শ্রেণির কণিকা (১), সনি, সাথী (২), কণিকা (২), আমেনা ও হোসনা; দশম শ্রেণির ফারজানা, সাজিয়া, বীথি, রুমা ও ইয়াসমিন।
অসুস্থ ছাত্রীদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে ২২ মার্চ ওই বিদ্যালয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় পাঠদান শুরুর পরপরই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী আকস্মিকভাবে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির আরও ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক বিদ্যালয় ছুটি দিয়ে দেন এবং অসুস্থ ছাত্রীদের দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মজিবর রহমান গতকাল বেলা সাড়ে তিনটায় প্রথম আলোকে বলেন, ‘দুর্বল স্নায়ুতন্ত্রের কারণেই মূলত ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তবে এসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা ও শারীরিক দুর্বলতায় ভুগছে। হাসপাতালে ছাত্রীদের চিকিৎসা প্রদান করার ফলে তারা সুস্থ হয়ে উঠছে। আশা করা যায়, রাত অথবা আগামীকাল (আজ শুক্রবার) সকালের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রথম আলোর কাছে গতকাল গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে আরও ১৪ ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।