নকলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসার ছাত্রী
শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলা সদরের চরকৈয়া এলাকার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৩)। গতকাল সোমবার সন্ধ্যায় তার বিয়ের আয়োজন করা হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের নির্দেশে গতকাল সন্ধ্যায় নকলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছাত্রীটির বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যান। পরে পুলিশ কর্মকর্তা ছাত্রীটির পরিবারের সঙ্গে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কথা বলেন এবং ওই ছাত্রীকে বিয়ে না দেওয়ার পরামর্শ দেন। এ সময় তার পরিবার বিয়ে বন্ধ করতে রাজি হয়। তা ছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে ছাত্রীর বাবা-মা অঙ্গীকার করেন।
ইউএনও রাজীব কুমার সরকার প্রথম আলোকে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেরপুর জেলার প্রথম উপজেলা হিসেবে নকলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।