নকলায় ভাঙনের ঝুঁকিতে দুটি গ্রাম
শেরপুরের নকলা উপজেলার দুটি গ্রাম দশআনী নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙনরোধে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাসহ বিপুল পরিমাণ ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।ভাঙনের ঝুঁকিতে থাকা গ্রাম দুটি হলো: চন্দ্রকোনা ইউনিয়নের চর মধুয়া নামাপাড়া ও চর অষ্টধর ইউনিয়নের দধিয়ারচর। ভাঙন প্রতিরোধে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে স্থানীয় লোকজন সরকারের কাছে আবেদন জানিয়েছেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে ওই নদীর ভাঙনে গ্রাম দুটির বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি বিলীন হচ্ছে। এখন পর্যন্ত বিলীন হয়েছে কয়েক শ বাড়ি। পাঁচ হাজার মানুষের এই দুই গ্রামে রয়েছে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, দাখিল মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা ও তিনটি মসজিদ। চর মধুয়া নামাপাড়া ও দধিয়ারচর গ্রামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদের শাখা দশআনী নদী প্রবাহিত হয়েছে। গত বর্ষায় ভয়াবহ বন্যার সময় ভাঙনে গ্রামের দেড় কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের ফলে এই দুটি গ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা এখন নদীর কিনারে। বর্তমানে ভাঙন না থাকলেও আগামী বর্ষা মৌসুমে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।চর মধুয়া নামাপাড়া গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া ও দধিয়ারচর গ্রামের শিক্ষক নূর মোহাম্মদ প্রায় একই ভাষায় বলেন, তাঁদের দুই গ্রামে বোরো মৌসুমে বোরো ধান ও পাট এবং রবি মৌসুমে সরিষা, মাষকলাইসহ বিভিন্ন ফসল উৎপন্ন হয়। ভাঙনরোধে পদক্ষেপ না নেওয়া হলে দুটি গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে প্রায় পাঁচ হাজার মানুষ অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে।চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিক বলেন, ভাঙন থেকে ঘরবাড়ি, স্থাপনা ও জমি রক্ষায় জরুরি ভিত্তিতে দুই কিলোমিটার বাঁধ নির্মাণ প্রয়োজন। এ প্রসঙ্গে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নকলায় নদীর ভাঙনরোধে বর্তমানে পাউবোর কোনো পরিকল্পনা বা প্রকল্প নেই। তবে ভাঙন এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’