নকলায় মেয়র পদের লড়াইয়ে মামা-ভাগনে
শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগ থেকে মামা ও ভাগনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি হলেন মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান। এর মধ্যে মোখলেছুর মামা ও হাফিজুর ভাগনে। মোখলেছুর নকলা পৌরসভার বর্তমান মেয়র ও নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
হাফিজুর নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা হাজী জাল মামুদ কলেজের প্রভাষক। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নকলা পৌরসভা থেকে হাফিজুর রহমান ও মোখলেছুর রহমান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন নূরে আলম সিদ্দিকী, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক আকন্দ, আনোয়ারুল ইসলাম ও আমির উদ্দিন।
এলাকাবাসী বলেন, মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মামা মোখলেছুর রহমানের সঙ্গে ভাগনে হাফিজুর রহমানের। নকলা পৌরবাসী এখন অপেক্ষা করছেন ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে মামা ও ভাগনের মধ্যে কে জিতবেন—তা দেখার জন্য।