নকলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত
শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের আগ্রহ কম থাকায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
প্রাপ্ত হিসাবে নির্বাচনে ৩৫ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে। পর্যাপ্ত প্রচারণার অভাব, দুই দলের একাধিক প্রার্থী এবং প্রধান বিরোধী দলবিহীন একতরফা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নকলা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সকাল থেকে দু-একজন করে ভোটার কেন্দ্রে হাজির হচ্ছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন। কোনো কেন্দ্রেই উত্সবমুখর পরিবেশ বা ভোটারদের লম্বা লাইন ও ভোট দেওয়ার জন্য অপেক্ষমাণ থাকতে দেখা যায়নি। এমনকি মধ্যদুপুরে অধিকাংশ কেন্দ্রই ফাঁকা থাকতে দেখা গেছে। তবে কোনো কেন্দ্র থেকে গোলযোগ বা জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।
ভোটের হিসাব
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে চার হাজার ২৬২ ভোটারের মধ্যে এক হাজার ভোট পড়েছে। ভোটের শতকরা হার ২৩ দশমিক ৪৬ ভাগ। বেলা একটা ৩৫ মিনিট পর্যন্ত চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৬৪ জন ভোটারের মধ্যে ৭০৫ জন ভোট দিয়েছেন। ভোট দেওয়ার শতকরা হার ৩৪ দশমিক ১৫ ভাগ। বেলা ২টা পাঁচ মিনিট পর্যন্ত বাছুর আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮৮৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৯৬ জন। ভোটের শতকরা হার ৩৬ দশমিক ৯২ ভাগ। বেলা ২টা ২৪ মিনিট পর্যন্ত বানেশ্বরদী ইউনিয়নের বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ১১৬ জন। ভোট দেওয়ার শতকরা হার ৩৬ দশমিক ৫৭ ভাগ। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার সময় গণপদ্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ২৪৪ ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার ৪৬৮ জন। ভোট দেওয়ার শতকরা হার ৪৫ দশমিক ২৫ ভাগ।
জানতে চাইলে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত শেরপুর জেলা বিএনপির সদস্য সফুরা খাতুন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত প্রচারণার অভাবে ভোটাররা ভোট দিতে কম এসেছেন। এ ছাড়া গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোটারবিহীন সংসদ নির্বাচনে একতরফা ভোট হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহ বোরহান উদ্দিনের নির্বাচনী এজেন্ট ইকরামুল হক বলেন, নির্বাচনী প্রচারণার জন্য সময় কম পাওয়া গেছে। এ ছাড়া দলের একাধিক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে সংশয় ও দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নকলা উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, সংসদ নির্বাচনে শতকরা ২০ ভাগের বেশি ভোটার ভোটকেন্দ্রে যাননি। অনেকেই আবার ভোট দিতে কেন্দ্রে গিয়ে দেখেছেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। তাই এবারের উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৩টি কেন্দ্র নিয়ে গঠিত এ উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৬০৪ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছিল।