নকলায় 'বিদ্রোহী' প্রার্থী হওয়ায় আ.লীগের দুই নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে অপর ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনকে দলের সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমানের সভাপতিত্বে গত বুধবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এস এম এ ওয়ারেজ নাঈমকে আহ্বায়ক করে ২৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নকলা উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থী শাহ্ মো. বুরহান উদ্দিনের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গোলাম রব্বানী, শওকত হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন।