নকলে বাধা দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করল ছাত্রলীগ!
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী গতকাল সোমবার ঢাকা কলেজে এক শিক্ষককে গালাগাল ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ইডেন কলেজের এক ছাত্রলীগের নেত্রী নকল করার সময় বাধা দেওয়ায় তাঁর পক্ষ হয়ে ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কয়েকজন এই ঘটনা ঘটান। এ নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পরীক্ষা কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন ইংরেজি বিভাগের একজন শিক্ষক। সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। কলেজ সূত্রমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালে গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। ইডেন কলেজের ছাত্রীরা ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এই কেন্দ্রে অন্য পরীক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের ইডেন কলেজের তিন নেত্রীও পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে গতকাল এক ছাত্রলীগের নেত্রী নকল করতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন সরকার বাধা দেন এবং নকল কেড়ে নেন। এই ঘটনার জেরে ছাত্রলীগের কলেজ শাখার দুই নেতা সাগর ও রনির নেতৃত্বে ওই শিক্ষককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে ওই শিক্ষক কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কয়েক দিন আগে আরেক নেতা শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ আছে। শিক্ষকদের সূত্রগুলো বলছে, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রলীগ ওই শিক্ষককে জামায়াত-শিবিরের তকমা লাগানোর চেষ্টা করছে। জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টি একেবারেই ব্যক্তিগত। এখানে সাংগঠনিকভাবে ছাত্রলীগের কেউ কিছু করেননি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, একটি ছোট ঘটনা ঘটেছে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা মীমাংসা করে দেওয়া হয়েছে। ওই ছাত্ররা শিক্ষকের কাছে মাফ চেয়েছে এবং বলেছে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটাবে না।