নকলে বাধা দেওয়ায় শিক্ষককে পেটাল ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হলে নকলে বাধা দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা গতকাল রোববার সকালে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষককে বেদম মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
ইনস্টিটিউট সূত্র জানায়, কিছুদিন আগে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হয়। ওই পরীক্ষা চলাকালে ছাত্রলীগ নামধারী ছাত্ররা শিক্ষকদের কাছে নকল করার সুযোগ চায়। কিন্তু শিক্ষকেরা ওই সুযোগ দেননি; বরং পরীক্ষার হলে আরও কড়াকড়ি করেন। পরীক্ষা চলাকালীন ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন (আরএসি) বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী সুনন্দন বিশ্বাস ওরফে সুমন নকল করার সময় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আহাদ আলী বাধা দেন। এ সময় সুনন্দন বিশ্বাস ছুরি বের করে ভয় দেখান এবং গালমন্দও করেন।ওই শিক্ষক পরে ঘটনাটি অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের জানান।
আহাদ আলী গতকাল জানান, শনিবার সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে সাজিয়াড়ার ঢাল এলাকায় সহকর্মীদের সঙ্গে তিনি ঘুরতে যান। এ সময় সুনন্দন বিশ্বাসসহ কয়েকজন ছাত্রের সঙ্গে তাঁদের দেখা হয়। তিনি সহকর্মীদের বলেন, সুমন নামে ওই ছাত্রই পরীক্ষার হলে তাঁকে ছুরি দেখিয়েছিল।
আহাদ আলী প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার দিকে আমি ইনস্টিটিউটের কার্যালয়ে কাজ করছিলাম। এ সময় হঠাৎ সুমনসহ চার ছাত্র কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা প্রথমে পরীক্ষার হলে কড়াকড়ি আরোপ করায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তা ছাড়া শনিবার সন্ধ্যায় অন্য শিক্ষকদের কেন আমি সুমনকে চিনিয়ে দিয়ে সবার সামনে অপমান করেছি তারও কৈফিয়ত চায়। তারা আমাকে হুংকার দিয়ে বলে, “আপনি জানেন না, আমরা পলিটিক্স করি। আপনার এত বড় সাহস আমাদের পেছনে লাগেন।” আমি তাঁদের এসব কথার প্রতিবাদ করামাত্রই তারা আমাকে মারধর শুরু করে। ঘটনার পর বিষয়টি আমি অধ্যক্ষকে জানিয়ে বাসায় চলে এসেছি।’
শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রলীগের কর্মী সুমন বলেন, ‘ওই সময় আমি সভাপতির (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি) সঙ্গে ছিলাম। পরে শুনেছি, কোন স্যারের সঙ্গে নাকি কী হয়েছে।’ ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আপন আহমেদ বলেন, ‘সুমন ছাত্রলীগের কর্মী। সে আমার সঙ্গেই ছিল। রিপোর্ট করলে ভালো করে জেনে-বুঝে করবেন যেন কোনো অসুবিধা না হয়।’
তদন্ত কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের অধ্যক্ষ আইয়ুব আলী গতকাল বিকেলে বলেন, ‘এত অসমঞ্চান আর ভালো লাগে না। কী করে চাকরি করব? রাজনীতির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এবার কিছু একটা না হলে ইনস্টিটিউট বন্ধ করে দিয়ে সবাই বাড়ি চলে যাব। এ ঘটনায় ইনস্টিটিউটের শিক্ষক মাহবুবুল আলমকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। এক কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, ওই ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।