নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় গতকাল সোমবার আবদুস শরীফ সরকার নামের এক পরিদর্শককে মারধর করেছে একদল ছাত্র। আহত শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিজয়নগর উপজেলার কাজী মোহামঞ্চদ শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকল এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। সদরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে দায়িত্ব পালন করেন আবদুস শরীফ। পরীক্ষা চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্ররা নকল করতে চাইলে কর্তব্যরত শিক্ষক শরীফ তাদের বাধা দেন। এ ঘটনায় ওই ছাত্ররা ক্ষুব্ধ হয়। পরে দুপুর পৌনে দুইটার দিকে তিনি জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এলে ওই ছাত্ররা হাতে থাকা স্কেল দিয়ে তাঁকে মারধর করে। স্কেল দিয়ে তারা ওই শিক্ষকের মাথা, পিঠ ও মুখে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন আবদুস শরীফকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান।হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আবদুস শরীফ প্রথম আলোকে জানান, ওই শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষেই তাঁকে গালমন্দ করে। পরীক্ষা শেষে তিনি জনতা ব্যাংকে কাজ শেষ করে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এলে একদল ছাত্র তাঁকে স্কেল দিয়ে মারধর করে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র।আবদুস শরীফের সহকর্মী প্রভাষক সত্যেন্দ্র নাথ সরকার বলেন, ‘ওই শিক্ষককে মারধরের সময় আমি তাঁর সঙ্গেই ছিলাম। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকেও মারধর করে। তারা শরীফ স্যারের মুঠোফোন ও টাকাও নিয়ে গেছে।’ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তফা জালাল বলেন, ‘ঘটনাটি শুনেছি। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’