নকলে বাধা দেওয়ায় ভোলার চরফ্যাশন ফাতেমা-মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা চালিয়ে ম্যাজিস্ট্রেট ও চারজন কক্ষ পরিদর্শককে পিটিয়ে আহত এবং কলেজে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটের মংলা দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে তিন শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময় গতকাল শনিবার পৃথক ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মী, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন ফাতেমা-মতিন মহিলা কলেজ কেন্দ্রের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে মংলা দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রের ঘটনায় পুলিশ এক পরীক্ষার্থীকে আটক করেছে। উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চরফ্যাশন ফাতেমা-মতিন মহিলা কলেজ কেন্দ্রে গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ মজুমদার। ফলে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের সুযোগ পায়নি। পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী বিষয়টি স্থানীয় ছাত্রলীগের নেতাদের বলে জানায়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সম্পাদক মাকসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মী, পরীক্ষার্থী ও অভিভাবকদের একটি দল কেন্দ্রের ভেতরে গিয়ে ম্যাজিস্ট্রেট মাসুদসহ কক্ষ পরিদর্শক শিক্ষকদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। হামলার শিকার হয়ে তাঁরা দৌড়ে কলেজের একাডেমিক ভবনে গিয়ে আশ্রয় নেন। একপর্যায়ে হামলাকারীরা কলেজের একাডেমিক ভবনসহ বেশকিছু কক্ষে ভাঙচুর চালায় এবং শিক্ষকদের লাঞ্ছিত করে নির্বিঘ্নে চলে যায়।কেন্দ্রসচিব অধ্যক্ষ মোহামঞ্চদ হোসেন বলেন, পরীক্ষার হলে ছাত্রলীগের কর্মীদের নকল করতে না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মী ও পরীক্ষার্থীদের অভিভাবকেরা এ হামলা ও ভাঙচুর করেছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসাইন প্রথম আলোর কাছে দাবি করেন, নকল করতে না দেওয়ায় বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হামলা চালিয়েছেন। তাঁরা (ছাত্রলীগের নেতা-কর্মীরা) পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন। এখন তাঁদের ওপরেই দোষ চাপানো হচ্ছে।এদিকে বাগেরহাটের মংলা কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল জব্বার জানান, উপজেলার দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে মংলা কলেজ ও বঙ্গবন্ধু কলেজ মিলে তাঁরা ১২ জন শিক্ষক-শিক্ষিকা গতকাল পরীক্ষায় দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দিগরাজ কলেজের শিক্ষার্থীরা নকল ও একে অপরের খাতা দেখাদেখি করে লেখার চেষ্টা করলে শিক্ষকেরা বাধা দেন। পরীক্ষা শেষে শিক্ষকেরা কলেজের ফটক দিয়ে বের হচ্ছিলেন। এ সময় দিগরাজ কলেজের ২০-২৫ জন শিক্ষার্থী তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আহত হন তিনি নিজে, মংলা কলেজের শিক্ষক অজিত পাল ও বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষক বিকাশ হালদার। এ ছাড়া অন্য নয়জন শিক্ষক-শিক্ষিকাকে কলেজের একটি কক্ষে আধা ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা। পরে মংলা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে এবং রাসেল নামের এক পরীক্ষার্থীকে আটক করে। মংলা কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিরাপত্তার অভাবে তাঁরা দিগরাজ কলেজে পরীক্ষায় দায়িত্ব পালন করতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোতাহার বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।