নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
এসএসসি পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করার অভিযোগে একজন শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্র জানায়, গতকাল ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। কেন্দ্রের ৭ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন শিক্ষক নুরুল ইসলাম। দায়িত্ব পালনের সময় একটি প্রশ্নের উত্তর লেখা কাগজ তাঁর পায়ের নিচ থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ নকলে সহযোগিতার অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি ও দুই হাজার টাকা জরিমানা করেন।
নুরুল ইসলাম লেঙ্গুরবিল মলকাবানু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই স্কুলের শিক্ষার্থীরা ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দোষ স্বীকার করার পর তাঁকে জরিমানা করা হয়েছে।