নকলে সহায়তা, শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে আলিম (এইচএসসি) পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তার দায়ে এক প্রভাষককে ১৫ দিনের কারাদণ্ড এবং এক ছাত্রকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান এই দণ্ড দেন।
একই সময় জেলার শরণখোলা উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রের কাছ থেকে উত্তরপত্রসহ আটক সাত শিক্ষার্থী ও এক প্রভাষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষা চলাকালে রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসা কেন্দ্রের পাশের একটি ঘর থেকে আলিম পরীক্ষার উত্তরপত্রসহ আটকের পর ভারপ্রাপ্ত ইউএনও মীর আলিফ রেজা এই জরিমানা করেন।
মোরেলগঞ্জে দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার আমতলী কামিল মাদ্রাসার আরবির প্রভাষক মো. বোরহান উদ্দিন এবং সেলিমগড় চিংড়াখালী আলিম মাদ্রাসার ছাত্র মো. ইয়াসিন শেখ।
মোরেলগঞ্জের ইউএনও মো. ওবায়দুর রহমান বলেন, লতিফা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থী মো. ইয়াসিন শেখ নকল করছিল। নকলের দায়ে তাকে বহিষ্কার এবং নকলে সহায়তা করায় কক্ষ পরিদর্শক প্রভাষক মো. বোরহান উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শরণখোলায় দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার রাজৈর আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক জেসমিন আক্তার (৩৮), একই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার (১৭), তামান্না ইসলাম (১৭), সুলতানা সিদ্দিকা (১৭), তানিয়া আক্তার (১৮), জান্নাতুল ফেরদৌসী (১৭), ফারজানা আক্তার (১৭) ও মো. জুবায়ের হাওলাদার (১৭)।
শরণখোলার ভারপ্রাপ্ত ইউএনও মীর আলিফ রেজা বলেন, গতকাল আলিম পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণের মধ্যে মুঠোফোনে প্রশ্নের ছবি তুলে সমাধানের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রের কাছের একটি ঘরে রাজৈর আলিম মাদ্রাসার ইংরেজির প্রভাষক জেসমিন আক্তার প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ওই প্রশ্ন দেখে উত্তরপত্র তৈরি করেন। পরে এক ছাত্রকে দিয়ে তা কেন্দ্রের পরীক্ষার্থীদের সরবরাহের প্রস্তুতি নেন।
এমন খবর পেয়ে কেন্দ্রের কাছ থেকে উত্তরপত্রসহ জুবায়ের নামের এক ছাত্রকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী এক প্রভাষকসহ সাতজনকে আটক করা হয়।
এ ঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ আইনে আটক প্রভাষক জেসমিন আক্তারকে ৩০ হাজার টাকা এবং জুবায়েরকে ২০ হাজার ও অপর ছয় ছাত্রীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এরআগে গত মঙ্গলবার নকল করতে বাধা দেওয়ায় রাজৈর মাদ্রাসা কেন্দ্রের কক্ষ পরিদর্শক স্থানীয় তাফালবাড়ী নেছারুল উলুম ফাজিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাসরুল্লাহকে (৩২) পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।