নকলে সহায়তার অভিযোগে শ্রীপুরে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার এসএসসির গণিত পরীক্ষা চলাকালে নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই শিক্ষক হলেন আব্দুল্লাহ-আল হাসান। তিনি শ্রীপুর উপজেলার খোজেখানি উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা বলেন, কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে এক ছাত্রকে নকল সরবরাহ করার সময় ওই শিক্ষককে হাতেনাতে ধরা হয়।
শ্রীপুরের ইউএনও আব্দুল আউয়াল বলেন, নকলে সহযোগিতার অভিযোগে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের (রেজ্যুলেশন করে) চিঠি দিয়েছে। গণিত পরীক্ষায় গণিত শিক্ষককে কেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া হলো সে জন্য কেন্দ্রসচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।