নকলের অভিযোগে দুজন আটক, প্রক্টরের রহস্যজনক বক্তব্য
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল করার অভিযোগে আজ শুক্রবার বিকেলে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুঠোফোনের খুদে বার্তায় পাঠানো উত্তর থেকে তাঁরা নকল করছিলেন—এমন অভিযোগে তাঁদের আটক করা হয়।
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেছেন, তাঁদের এবং শিক্ষকদের ধারণা, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে। ফাঁস হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো আটক শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তা হিসেবে পাঠানো হয়ে থাকতে পারে।
তবে ওই দুই পরীক্ষার্থীকে আটক করার দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
মোফাজ্জল হোসেন এই প্রতিবেদককে বলেছেন, আটক করা শিক্ষার্থীদের মুঠোফোনে পাওয়া খুদে বার্তার উত্তরের সঙ্গে প্রশ্নপত্রের মিল নেই। তাহলে তাঁদের কেন আটক করে রাখা হচ্ছে—এই প্রশ্নের জবাব প্রক্টর দেননি।
পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী জানান, মিরপুর আইডিয়াল ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার সময় ওই দুই শিক্ষার্থীর মুঠোফোনে খুদে বার্তা আসে। খুদেবার্তায় পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া ছিল। পরীক্ষায় নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্ন থাকায় উত্তরগুলোও নৈর্ব্যক্তিকভাবে পাঠানো হয়েছিল। মুঠোফোনে খুদে বার্তা আসার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত পরীক্ষক ওই দুই শিক্ষার্থীকে আটক করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শহীদুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি। প্রক্টর মোফাজ্জল হোসেনের হাতে তিনি ফোন ধরিয়ে দেন।
মোফাজ্জল হোসেন দাবি করেন, মুঠোফোনে পাওয়া খুদে বার্তার সঙ্গে প্রশ্নের কোনো মিল নেই। ওই দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিকেলে সাড়ে চারটায় পরীক্ষা শেষ হলেও এতক্ষণ ওই দুই শিক্ষার্থীকে কেন আটকে রাখা হয়েছে—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রক্টর। তিনি জানান, ওই দুই শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।