নকলের ভিড়ে আসল চেনা দায়

কোবাল্ট ব্লু রঙের বৃত্ত। সেই বৃত্তের ভেতরে একই রঙের একটি গ্রন্থ। গ্রন্থের মাঝখানে জাতীয় প্রতীক শাপলা। আর চারদিকে একটি সোনালি ও একটি লাল রেখা। এ নিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মনোগ্রামের বিকৃতি ঘটছে। যে যার মতো রং পরিবর্তন করে ব্যবহার করছে মনোগ্রাম। খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিভিন্ন ক্ষেত্রে বিকৃত রঙের মনোগ্রাম ব্যবহার করছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন একাডেমিক কাজ, সাইনবোর্ড, ব্যানার ও ওয়েবসাইটে বিভিন্ন রঙের মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে। এতে অনেক সময়ই বিভ্রান্ত হতে হয়। নকলের ভিড়ে আসল মনোগ্রাম চেনাই দায়।
বিশ্ববিদ্যালয়ের টেলিফোন নির্দেশিকায় দেওয়া বর্ণনামতে, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে রয়েছে একটি বৃত্ত। তা বিশ্বের প্রতীক। আছে একটি উন্মুক্ত গ্রন্থ, যা জ্ঞানের প্রতীক। আছে আকাশ দৃষ্টি থেকে শাপলা ফুল, যা সৌন্দর্য, পবিত্রতা ও জাতীয় প্রতীক। এটি সূর্য অর্থেও প্রাণ ও শক্তির উৎস। বৃত্ত ও মূল গ্রন্থ কোবাল্ট দু। তা আকাশ, নদী ও উদারতার রং। গ্রন্থের বাইরের রেখা রক্তলাল, যা জাতীয় পতাকার রং। আর গ্রন্থের মধ্যরেখা সোনালি, সোনার মতোই মূল্যবান শিক্ষার গুণগত দাম।
প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের নতুন মনোগ্রামের জন্য পুরস্কার ঘোষণা করে নকশা আহ্বান করা হয়। শিল্পী গোলাম সারওয়ারের আঁকা মূল নকশা নির্বাচনের পর কিছুটা পরিবর্তন করে বর্তমান মনোগ্রামে রূপ দেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী হাশেম খান, যা বিশ্ববিদ্যালয়ের সিনেটের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে সবার ওপরে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম। এই মনোগ্রামে সোনালি রেখার রং পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে কালো রং। কিছুদিন আগে প্রশাসন ভবনের মূল ফটক সংস্কার করে ফটকের সামনে মনোগ্রাম স্থাপন করা হয়েছে। ওই মনোগ্রামটিতে সৌন্দর্যবর্ধনের নামে মূল মনোগ্রামের চারদিকে আরও একটি বৃত্ত দেওয়া হয়েছে এবং এর চারদিকে বৃত্তাকারে লেখা হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলে বিভ্রান্ত হতে হয় আরও। সেখানে বিভিন্ন বিভাগের পেজে ইচ্ছেমতো মনোগ্রামের রং বদল করা হয়েছে। ইতিহাস বিভাগের পেজে মনোগ্রামের বৃত্তের কোবাল্ট ব্লু রং পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ রং। কেন্দ্রীয় গ্রন্থাগারের পেজে কোবাল্ট ব্লুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে নীল রং। গ্রন্থাগারের লাল বহিঃরেখার রংটিও লাল নয়। আবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সের পেজে মনোগ্রামের বৃত্তে নীল রং ব্যবহার করা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকানগুলোতে চলছে বিভিন্ন রঙের মনোগ্রামের ব্যবহার। শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক কার্যক্রমে পছন্দমতো রঙে মনোগ্রাম ব্যবহার করছেন। থিসিস পেপার, মনোগ্রাফ, ইন্টার্নশিপ রিপোর্ট, অ্যাসাইনমেন্ট প্রভৃতির প্রচ্ছদে অনেক রঙের মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, মনোগ্রামটির একটি নান্দনিকতা ও মর্যাদা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অসতর্কতার কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে, যা কেউ চাইলেই করতে পারেন না। প্রশাসন এ বিষয়ে সতর্ক হয়ে নির্দেশনা জারি করলে হয়তো এটি রোধ করা সম্ভব।
চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক বলেন, কম্পিউটারে বিভিন্ন ডিজাইন করতে গিয়ে অনেকেই মনোগ্রাম বিকৃত করে ফেলছেন। আইনগতভাবে এটি অবৈধ।
প্রশাসন ভবনের সামনে স্থাপিত মনোগ্রামটি নিয়ে বিতর্ক রয়েছে স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সব সময় সঠিক মনোগ্রামই ব্যবহার করা হয় এবং সবাইকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়। অনেক সময় অনেকেই হয়তো না বুঝে এমন করেন। তিনি বলেন, ‘এত দিন আমাদের নজরে বিষয়টি সেভাবে আসেনি। সুনির্দিষ্টভাবে বিষয়টি নজরে এলে অবশ্যই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’