নকলের সুবিধা ২০০ টাকায়!
পরীক্ষার্থীদের কাছ থেকে নানা খাত উল্লেখ করে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে পরীক্ষায় ‘নকল করার ফি’ নেওয়ার মতো অভিনব অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাংনী মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একটি কেন্দ্র থেকে বাউবির এইচএসসি, বিএ ও বিএসএসের বিভিন্ন সেমিস্টারের এক হাজার ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। নকলের সুবিধা দেওয়ার কথা বলে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে কলেজের তিনজন প্রভাষক ২০০ টাকা করে নিয়েছেন। গত মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলতি মাসে এসব পরীক্ষা শেষ হবে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তাঁরা নকল সুবিধা নেবেন না, টাকাও দেবেন না বললে শিক্ষকেরা তাঁদের প্রবেশপত্র আটকে রেখে বহিষ্কার কিংবা পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। তাই তাঁরা টাকা দিতে বাধ্য হয়েছেন। পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক রমজান আলী, মহিবুর রহমান ও খায়রুল ইসলাম এই টাকা তোলেন।কেন্দ্র সূত্রে জানা গেছে, শিক্ষকেরা এবার বাড়তি আয়ের লক্ষ্যে নকলের সুবিধা দেওয়ার আশ্বাস ও কেন্দ্র খরচের কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে মোট দুই লাখ ২১ হাজার ২০০ টাকা তুলেছেন। প্রভাষক মহিবুর রহমান জানান, তাঁরা টাকা নিয়েছেন তবে নকলের কথা বলে নয়। রমজান আলী জানান, কেন্দ্র সচিবের নির্দেশে তাঁরা নকলের কথা বলে ২০০ করে টাকা নিয়েছেন। প্রভাষক খাইরুল ইসলাম বলেন, নকল নয় নানা সুবিধার কথা বলে অতিরিক্ত যে টাকা নেওয়া হয়েছে তা কেন্দ্র সচিবের পকেটে গেছে।কেন্দ্র সচিব গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী জানান, কতিপয় অসাধু শিক্ষক তাঁর নাম ব্যবহার করে এমন অনৈতিক কাজ করতে পারে। টাকা নেওয়ার সঙ্গে তিনি জড়িত নন। বাউবির মেহেরপুর জেলা সমন্বয়কারী আবদুল হান্নান জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। টাকা তোলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।