নকলের সুযোগ না দেওয়ায় ছাত্রলীগের হামলা, ভাঙচুর
এইচএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজে গতকাল বুধবার দুপুরে হামলা চালিয়ে অধ্যক্ষের কার্যালয়সহ চারটি কক্ষ ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, ছাত্রলীগের কিছু কর্মী কলেজে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের নেতা ইমরান, হাসান রেজাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার এইচএসসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগের দিন সোমবার ছাত্রলীগের নেতারা ইন্তুসহ কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে নকল করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের চাপ দেয়। কিন্তু ইংরেজি পরীক্ষায় সেই সুযোগ না পাওয়ায় গতকাল বুধবার তারা কলেজে হামলা চালায়। এ সময় কলেজে একাদশ শ্রেণীর বার্ষিক সমাপনী পরীক্ষা চলছিল। ছাত্রলীগের নেতা ইমরান ও হাসান রেজা এ হামলার নেতৃত্বে ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র জানান, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিবের নেতৃত্বে ৩০-৪০ জন মিছিল নিয়ে কলেজে ঢুকে হামলা চালান। তাঁরা লাঠিসোঁটা নিয়ে প্রথমে কলেজ ভবনের নিচে দুটি কক্ষের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেন। পরে দ্বিতীয় তলায় অধ্যক্ষের কার্যালয় ও পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে মূল্যবান কাগজপত্র, পরীক্ষার খাতা তছনছসহ আসবাব ভাঙচুর করেন। যাওয়ার সময় তাঁরা অধ্যক্ষসহ শিক্ষক মাসুদ কায়াস ও সাজেদুজ্জামানকে হত্যার হুমকি দেন।
এ ব্যাপারে ইমরান হাবিব কিছুই জানেন না দাবি করে বলেন, অধ্যক্ষ কলেজে ক্যাডার পোষেন। তাদের নিয়ন্ত্রণে কলেজ চলে। তাই ছাত্রলীগ ওই কলেজে যায় না। মূলত শিক্ষক-ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের খবর শুনে পরে তিনি কলেজে যান এবং ছাত্রদের নিবৃত্ত করেন। হাসান রেজা বলেন, শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল ছাত্রলীগ কলেজে মিছিল বের করে। এ সময় শিক্ষক-কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান। ছাত্রলীগ কলেজে হামলা চালায়নি।