নকলের সুযোগ না দেওয়ায় শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত!
কক্সবাজারের উখিয়ায় নকল করার সুযোগ না পেয়ে রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে। গতকাল রোববার পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।লাঞ্ছনার শিকার কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘গতকাল রোববার বেলা একটায় সামাজিক বিজ্ঞান পরীক্ষার সময় শেষ হলে ওই কেন্দ্রের ১ নম্বর কক্ষে খাতা তোলা হচ্ছিল। এ সময় উচ্ছৃঙ্খল পরীক্ষার্থীরা খাতা না দিয়ে লেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা আমার ওপর চড়াও হয়। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও অন্য কর্মকর্তারা এগিয়ে এসে আমাকে তাদের কবল থেকে রক্ষা করে।’কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল সামাজিক বিজ্ঞান পরীক্ষার শেষ দিনে কেন্দ্রটিতে পরীক্ষার্থী ছিল ২৯৩ জন। নির্ধারিত সময় শেষে উত্তরপত্র তুলতে গেলে শিক্ষা কর্মকর্তা সেলিম রেজাকে লাঞ্ছিত করে কয়েকজন পরীক্ষার্থী। পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে শতাধিক পরীক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অফিস-কক্ষ ঘিরে ফেলে। খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান ও মকবুলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরীক্ষার্থীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দায়িত্বরত কর্মকর্তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে ওই মাদ্রাসার অধ্যক্ষ তদবির করে পরীক্ষার্থীদের নিজ মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার সুযোগ করে দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে অধ্যক্ষ আবুল হাছান আলী বলেন, উখিয়ায় ১০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো মাদ্রাসা কেন্দ্র না থাকায় তাঁর মাদ্রাসার পরীক্ষার্থীদের এই কেন্দ্রে পরীক্ষার সুযোগ দেওয়া হয়। মূলত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হাতঘড়ির সময় সঠিক ছিল না, আর তাই নির্ধারিত সময়ের আগেই খাতা তুলে নিয়ে নিলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।কেন্দ্র সচিব ও উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিনসহ অন্য কর্মকর্তারা এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। উচ্ছৃঙ্খল পরীক্ষার্থীরা নকলের সুযোগ না পেয়েই এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা জানান।