নকশা অনুমোদন দিচ্ছে না সিডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রকল্প হবে—এ কারণে আট বছর ধরে নগরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ এলাকায় নতুন কোনো ভবনের নকশার অনুমোদন দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই এলাকায় জমির কেনাবেচাও কমে গেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সিডিএর প্রকল্প বাস্তবায়িত হলে তাঁদের বসতভিটার অস্তিত্ব থাকবে না।
সিডিএর প্রস্তাবিত ‘ডেভেলপমেন্ট অব ফতেয়াবাদ নিউ টাউন’ শীর্ষক আবাসন প্রকল্প এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার রয়েছে। বসবাস করে প্রায় এক লাখ মানুষ। এই আবাসন প্রকল্প বাতিলের দাবিতে মাঠে নেমেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুরে নগরের ফতেয়াবাদ কলেজের সামনে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছেন তাঁরা।
ফতেয়াবাদ এলাকার ৪ হাজার ৭০০ একর জায়গার ওপর ‘উপশহর’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সিডিএর। ২০০৭ সালে পরিকল্পনাটি নেওয়া হয়। এরপর ২০১৪ সালে আড়াই হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেয়। প্রাথমিকভাবে ৩০০ একর জমি অধিগ্রহণ করে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় ডিপিপিতে। এ জন্য ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। তবে এখন পর্যন্ত এ প্রকল্পের কোনো অগ্রগতি নেই বলে জানান সিডিএর প্রকৌশলীরা।
সিডিএর আবাসন প্রকল্প এলাকার দক্ষিণ পাশে রয়েছে চট্টগ্রাম সেনানিবাস, পশ্চিমে পাহাড়ি এলাকা, উত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পূর্ব দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক।
এলাকাবাসীর অভিযোগ, এ প্রকল্পের কারণে সিডিএ দীর্ঘদিন ধরে ভবনের নকশা অনুমোদন দিচ্ছে না। এতে তাঁরা বাড়িঘর নির্মাণ করতে পারছে না। এলাকার জায়গা-জমির দামও কমে গেছে। ফতেয়াবাদের পশ্চিম ছড়ারকুল এলাকার বাসিন্দা মোহাম্মদ হাশেম ও ইলিয়াছ আলী বলেন, ‘আবাসন প্রকল্প হলে কিছু ধনী মানুষ লাভবান হবে। কিন্তু এলাকার সবাই বসতভিটা হারাবে। সিডিএ আমাদের জায়গা অধিগ্রহণ করে কেন ব্যবসা করবে?’
আবাসন প্রকল্পটি যাতে বাস্তবায়িত হতে না পারে, সে জন্য ফতেয়াবাদের মানুষ ২০০৭ সালে বসতভিটা রক্ষা কমিটি গঠন করে। প্রকল্পের বিরোধিতা করে গত বছরের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় কমিটি।
জানতে চাইলে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফতেয়াবাদ এলাকায় আবাসন প্রকল্পের একটি ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এ জন্য সেখানে কাউকে নকশা অনুমোদন দেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর প্রকল্প বাতিলের আন্দোলনের বিষয়ে শাহীন উল ইসলাম খান বলেন, ‘প্রকল্প বাতিল সম্ভবত আমরা করব না। তবে পাঁচ হাজার একর জায়গায় হয়তো আমরা কাজও করব না। এখন হাজার দু-এক একর জায়গার ওপর প্রকল্পের জন্য পুনর্নকশা করার চিন্তাভাবনা করছি। যাতে মানুষের বসতির ক্ষতি না হয়।’
গতকাল দুপুরে ফতেয়াবাদ কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সিডিএ দীর্ঘদিন ধরে এই এলাকায় ভবনের নকশা অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হবে। এ কারণে জায়গা-জমির দাম কমে গেছে। চিকিৎসার খরচ জোগাতেও জমি বিক্রি করা সম্ভব হচ্ছে না।
বক্তারা অভিযোগ করেন, আবাসন প্রকল্প বাস্তবায়ন করলে হাজার হাজার লোক তাঁদের জায়গা-জমি হারাবে। এলাকা থেকে উচ্ছেদ হবে। সিডিএর এই প্রকল্পের কারণে শত বছরের পুরোনো পারিবারিক কবরস্থান ও শ্মশান, বসতবাড়ি হারানোর আশঙ্কায় দিন পার করতে হচ্ছে। এই প্রকল্প বাতিল করে এলাকায় ভবন নির্মাণের নকশার অনুমোদন দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক দুর্গাপদ নাথ, সদস্যসচিব সিরাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা গাজী ইউসুফ, গাজী শরীফ, গাজী নেজাম, গাজী শফিউল আজিম, আবদুর রহমান, ফজলুর কাদের, জাফর আলম চৌধুরী, মো. শাহজাহান, গাজী আক্কাস, ফিরোজ সিকদার, মাহবুব আলম প্রমুখ।