নকশা অমান্য করে ভবন, গুনতে হলো জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের অনেকখানি জায়গা দখল নিয়ে নির্মাণ করা হয়েছিল ভবনটির সীমানা দেয়াল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত গতকাল ভবনের বাড়তি সেই অংশ ভেঙে দেন। ছবিটি দুপুরে নগরের জামালখান এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়কের অনেকখানি জায়গা দখল নিয়ে নির্মাণ করা হয়েছিল ভবনটির সীমানা দেয়াল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত গতকাল ভবনের বাড়তি সেই অংশ ভেঙে দেন। ছবিটি দুপুরে নগরের জামালখান এলাকা থেকে তোলা l প্রথম আলো

নকশা অমান্য করে ভবন নির্মাণ এবং গাড়ি রাখার জায়গা না রাখার দায়ে পাঁচ ভবন মালিক ও ১৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় প্যাসিফিক টাওয়ারের ১৫টি দোকানকে চার হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং গাড়ি রাখার জায়গা ছাপাখানাকে ভাড়া দেওয়ায় টাওয়ার মালিক নূর বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনে গাড়ি রাখার জায়গা না রাখায় মিনহাজ টাওয়ারের মালিক ইদ্রিস মিনহাজকে ৫০ হাজার টাকা, নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় এমিটি ডিউলিংক লিমিটেডের তুহিন আকতারকে ৫০ হাজার টাকা এবং ইয়াকুব চৌধুরী নামের এক ভবনমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে গতকালের অভিযানে শাহিকুল জব্বারের নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।