
কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন ও সৌন্দর্য বর্ধনের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে৷ তবে বেশির ভাগ ক্ষেত্রেই প্রকল্পের নকশা মানা হচ্ছে না৷
স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) সংগঠক আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের বেশির ভাগ কাজ নকশা অনুযায়ী হয়নি৷ এককথায় বলব, নকশা ও নদী চুরি হয়ে যাচ্ছে৷ এভাবে শেষ হলে নরসুন্দা মূলত সরু নর্দমায় পরিণত হবে৷’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পে ৩২ দশমিক ৯৪ কিলোমিটার নদী খনন করার কথা উল্লেখ আছে৷ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, ৬৩ কোটি ৪৬ লাখ টাকা৷ এর মধ্যে ভৌত কাঠামো ব্যয় ৫৯ কোটি ৮০ লাখ টাকা, যার ১৭ কোটি ৮৫ লাখ টাকা খরচ করা হচ্ছে নদী খননের কাজে৷ প্রকল্পের নকশা করেছে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং৷ কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার আজাদ ইঞ্জিনিয়ারিং ফার্ম৷ প্রকল্পের মেয়াদ ধরা হয়, ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত৷ পরে মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন করা হয়৷
খননের আগে জেলা প্রশাসন দখলদার হিসেবে ২২০ জনকে চিহ্নিত করে। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মী, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। তাঁদের অনেকে স্থানীয়ভাবে প্রভাবশালী৷
দখলদারের তালিকায় আছে কিশোরগঞ্জের পৌর মেয়র মাজহারুল ইসলাম ভূইয়ার নাম৷ তিনি শহর আওয়ামী লীগের আহ্বায়ক। এ ছাড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিষ্কৃত) আনোয়ার কামাল, বিএনপির নেতা ও সাবেক পৌর কাউন্সিলর এ টি এম মোস্তফা, বিকল্পধারার নেতা মো. আজিজ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল মিয়া ও সড়ক পরিবহন মালিক সমিতির দখলে অনেক ভূমি রয়েছে৷
মাজহারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নরসুন্দা দখলমুক্ত করতে পৌর প্রশাসন নেতৃত্ব দিচ্ছে৷ এ টি এম মোস্তফা বলেন, ‘নদীর পাড়ে আমার একটা দোকান আছে এটা ঠিক৷ তবে সেটা সরিয়ে নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ আমাকে কিছু্ই বলেনি৷’
প্রকল্পের নকশা অনুযায়ী, পাগলা মসজিদ থেকে কিশোরগঞ্জ রেলওয়ে সেতুর দূরত্ব তিন কিলোমিটার। ওই স্থানটিতে নদীর প্রস্থ হবে ১৮ মিটার। কিন্তু রাখা হয়েছে মাত্র সাত মিটার। রেলসেতু থেকে নীলগঞ্জ পর্যন্ত ১২ কিলোমটারের প্রস্থ ২০ মিটার। কিছু অংশ নকশা অনুযায়ী করা হলেও জেলা পরিষদ থেকে রেলসেতু এলাকার কোথাও ১২ মিটার, কোথাও ১৫ মিটারের বেশি নেই৷ একরামপুর থেকে মনিপুরঘাট ৯৪০ মিটার এলাকার অর্ধেকও খনন করা হয়নি৷ আর খনন করা অংশের মাটি তীরেই রাখা হচ্ছে৷ বৃষ্টিতে সেই মাটি ধসে আবার খনন এলাকায় চলে যাচ্ছে৷
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পাঁচটি নতুন সেতুর মধ্যে পাগল মসজিদ, ৩২ মেলা বাজার ও মাছ মহলের সেতু তিনটির কাজ শেষ হয়েছে৷ এখনো ৩০ ভাগ খনন কাজ বাকি আছে৷ ছয় কিলোমিটার প্রতিরক্ষা দেয়ালের মধ্যে দুই কিলোমিটারের কাজ শেষ হয়েছে৷ পার্ক নির্মাণের কাজটি পৌরসভা বাস্তবায়ন করছে৷ আটটির মধ্যে চারটি ঘাটের কাজ শেষ পর্যায়ে৷ মুক্ত মঞ্চের নির্মাণকাজ শেষ হয়নি৷ ২০ কিলোমিটার সড়কের ৫০ শতাংশ কাজ বাকি৷ ফুটপাত তৈরির কাজ শুরুই হয়নি৷
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী গৌতম প্রকাশ চৌধুরী বলেন, ‘প্রকল্পটি শহরে এসে বাধাগ্রস্ত হচ্ছে৷ এর কারণ অবৈধ স্থাপনা৷ সহযোগিতা চেয়ে জেলা ও পৌর প্রশাসনকে একাধিকবার চিঠি দিয়েও কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না৷ এ কারণে কাজটি নকশার সঙ্গে মিলছে না৷’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবুল বাশার বলেন, নকশা অনুযায়ী করতে হলে ২২০ ফুট জায়গার দরকার। আর ২২০ ফুট জায়গার মাটি সরাতে দরকার আরও ২০০ ফুট জায়গা৷ প্রকল্প এলাকার কোথাও এ পরিমাণ জায়গা নেই৷ এ ছাড়া অবৈধ স্থাপনা না সরানোয় প্রায় সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে৷
জেলা প্রশাসক এস এম আলম বলেন, অবৈধ স্থাপনা সরানোর জন্য শুধু চিঠি দিলেই চলে না, খরচের বিষয় রয়েছে৷ এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে ওই দুই প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব রয়েছে৷