নকশা ছাড়া নির্মাণ, পুরোনো লঞ্চও হয়ে যায় নতুন

লঞ্চ বা অন্য কোনো নৌযান বানাতে চান? কোনো চিন্তা নেই, চলে আসুন কেরানীগঞ্জের কোনো একটি ডকইয়ার্ডে৷ আপনার চাহিদা অনুযায়ী নৌযান নির্মাণের ব্যবস্থা রয়েছে সেখানে। নৌযান পুরোনো হয়ে গেছে বা আরও যাত্রী পরিবহনের ব্যবস্থা রাখতে চান? তারও ব্যবস্থা আছে৷
সমুদ্র পরিবহন অধিদপ্তরের নকশা ছাড়া নৌযান নির্মাণ না করার নিয়ম থাকলেও সেটাও ডক মালিকেরা ব্যবস্থা করে দেন৷ নৌযান নির্মাণ নকশা অনুযায়ী হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল৷ নির্মাণের সময় তাদের ডকইয়ার্ডে এসে যাতে পর্যবেক্ষণ না করেন, সে ব্যবস্থাও রয়েছে৷
রাজধানীর অদূরে বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জে গড়ে ওঠা ২৫টি ডকইয়ার্ডের মধ্যে আটটিতে ঘুরে এ চিত্র পাওয়া গেছে৷ কেরানীগঞ্জের চর কালীগঞ্জ এলাকার বুড়িগঙ্গার তীর ধরে চর মিরেরবাগ, খেজুরবাগ, হাসনাবাদ ও দোলেশ্বর এলাকায় এমন ৩০টি নৌযান নির্মাণের ডকইয়ার্ড গড়ে উঠেছে৷ সেখানে পুরোনো লঞ্চের কাঠামো বদলে পুরোদস্তুর নতুন বানিয়ে ফেলা হতে দেখা গেল৷ নতুন নৌযান নির্মাণের ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনো নকশা৷
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক শামসুদ্দোহা খন্দকার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘নকশাবহির্ভূতভাবে লঞ্চ নির্মাণ ও নকশা পরিবর্তন করে পুরোনো লঞ্চ নতুনভাবে নির্মাণের বিষয়টি সম্পর্কে আমাদের কাছেও অভিযোগ এসেছে৷ আমরা বিষয়গুলো খতিয়ে দেখে দায়িত্বরতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব৷’
সরেজমিনে দেখা গেল, কালো রং আর কটুগন্ধের বুড়িগঙ্গার পানির তীরে তৈরি হচ্ছে শতাধিক নৌযান৷ সকাল থেকে বিকেল অবধি ডকইয়ার্ডগুলোতে ঘুরে সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন জরিপকারীর দেখাও মেলেনি৷ ডকমালিকেরা অবশ্য দাবি করেছেন, জরিপকারীরা নিয়মিত আসেন৷ আর ডকশ্রমিকদের ভাষ্য, তাঁরা মাসেও একজন জরিপকারীকে নির্মাণকাজ তদারক করতে আসতে দেখেন না৷
গত রোববার সদরঘাট টার্মিনালে গিয়ে নদীতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ২০টি নৌযানের মধ্যে চারটিতে চোখের দেখায় নানা ধরনের ত্রুটি দেখা গেল৷ জলতরঙ্গ, ময়ূরসহ আরও কয়েকটি জাহাজের তলা জং ধরে প্রায় ফেটে যাওয়ার জোগাড়৷
ঢাকা ডকইয়ার্ডের কর্মচারী মো. আলী জানান, ফ্লাইং বার্ড করপোরেশনের যাত্রীবাহী লঞ্চ ময়ূর-২ মেরামত করার জন্য ডকইয়ার্ডে কাজ চলছে৷
তবে সরেজমিনে দেখা গেছে, তৃতীয় তলা লঞ্চের সামনের অংশের অবকাঠামো পরিবর্তনসহ লঞ্চটি সংস্কারের কাজ করা হচ্ছে। লঞ্চটির নকশা ও অবকাঠামো পরিবর্তনের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে এ ব্যাপারে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা এবং ডকইয়ার্ডে কর্মরত একাধিক কর্মচারী নকশা ছাড়া লঞ্চ নির্মাণের বিষয়টি খোলাসা করেন। তাঁরা জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা সার্ভে রেজিস্ট্রেশন নকশা দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা উৎকোচ নিচ্ছেন।
চর মিরেরবাগ উজির আলী ডকইয়ার্ডের তত্ত্বাবধায়ক মো. রহিম জানান, তাঁদের এখানে প্রিন্স অব রাশেদ-৪ (২১০ ফুট), জাহিদ-৫ (২২০ ফুট) ও মর্নিং সান-৫ (১৬৫ ফুট) লঞ্চগুলো নির্মাণাধীন রয়েছে।
নৌযান বিশেষজ্ঞরা বলেছেন, ত্রুটিপূর্ণ নকশা, অদক্ষ চালক, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের দুর্বল তদারকি এবং এ সংস্থা দুটির এক শ্রেণির অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে নৌযান ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা যাচ্ছে না৷ দুর্ঘটনার পেছনের কারণও এসব৷ আর এতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ৷
লঞ্চমালিকেরা অভিযোগ অস্বীকার করে প্রাকৃতিক দুর্যোগ এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়াকে দায়ী করছেন৷ বলছেন, নদী খনন না হওয়ায় নৌপথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর সঙ্গে যোগ হয়েছে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। এসব কারণে নৌপথগুলোতে ঘূর্ণি বেড়ে যাচ্ছে। ফলে কালবৈশাখী ও দমকা বাতাসের কবলে পড়ে নৌযানগুলো দুর্ঘটনায় পড়ছে।