চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতদ্বৈধতার কারণে সিটি আউটার রিংরোডের নির্মাণকাজ নিয়ে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সিডিএর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে পাউবো প্রকল্পটির নকশা অনুমোদন দিচ্ছে না। দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে কাল মঙ্গলবার এ বিষয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেবে ৭৮০ কোটি টাকা এবং জাপানি সাহায্য সংস্থা জাইকা দেবে ৭১৫ কোটি টাকা। সরকার ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ খাতে প্রায় ৪০০ কোটি টাকা ছাড় করেছে। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা এক দফা বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
সিডিএ সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ২০১০ সালে সিটি আউটার রিংরোডের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে পাউবোর বিদ্যমান শহররক্ষা বাঁধ আরও শক্তিশালী করা, নগরের পতেঙ্গা থেকে সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত বাঁধের ওপর ১৫ দশমিক ২ কিলোমিটার চার লেন বিশিষ্ট একটি রাস্তা নির্মাণ, বাঁধে থাকা পাউবোর সাতটি স্লুইসগেট ভেঙে পুনর্নির্মাণের বিষয়টি রয়েছে। বাঁধ ও স্লুইসগেট নির্মাণের কাজ শেষ করার জন্য পাউবোর সঙ্গে ২০১০ সালের ১০ মার্চ সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) করে সিডিএ।
চুক্তি অনুযায়ী, প্রকল্পের পরিকল্পনা, নকশা তৈরি থেকে শুরু করে যাবতীয় কাজ সিডিএ ও পাউবো একসঙ্গে করার কথা। প্রকল্পের নকশা পাউবোর কাছ থেকে অনুমোদিত হতে হবে। তবে পাউবোর অভিযোগ, প্রকল্পের নকশা তৈরির কাজ শেষ করে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে সিডিএ। আগামী ২০ অক্টোবর দরপত্র ফরম সংগ্রহের শেষ দিন।
পাউবোর প্রধান প্রকৌশলী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এমওইউ অনুযায়ী প্রকল্প পরিকল্পনা, নকশা, দরপত্র প্রক্রিয়া সব কিছু পাউবোর সঙ্গে আলোচনার ভিত্তিতে করার কথা। কিন্তু এসব ক্ষেত্রে এমওইউ মানা হয়নি। তাই তা অনুসরণ করার জন্য সিডিএকে চিঠি দিয়েছি।’
তবে সিডিএর প্রকল্প পরিচালক মো. নুর ইসলাম বলেন, ‘এমওইউ লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। দরপত্র কমিটি গঠনের বিষয়টি তাদের জানিয়েছিলাম।’
এর আগে সিডিএ নকশা অনুমোদন দিতে পাউবোকে অনুরোধ জানিয়ে ১৬ এপ্রিল চিঠি দেয়। কিন্তু তাতে আপত্তি জানায় পাউবো। এই প্রকল্পের ডিটেইল ডিজাইন (বিস্তারিত নকশা) তৈরি করেছে এসএমইসি ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান। নকশার ব্যাপারে পাউবোর বক্তব্য, সিডিএ স্লুইসগেট ও শহররক্ষা বাঁধের যে নকশা করেছে, তা পাউবোর মানদণ্ড অনুযায়ী যথাযথ হয়নি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘বাঁধ ও স্লুইসগেট তৈরিতে আমরা বিশেষজ্ঞ, সিডিএ যে নকশা করেছে তা পাউবোর আদর্শ অনুযায়ী হয়নি। তাই অনুমোদন করব না।’
তবে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক প্রকল্প। এ জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরামর্শক প্রতিষ্ঠান এসএমইসিকে। নকশা প্রণয়নে আমাদের কোনো ভূমিকা নেই।’