চার বছর আগে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দুই বছর আগেই কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের নকশায় বড় ধরনের পরিবর্তনের কারণে এখনো জমি অধিগ্রহণের কাজই শুরু করা যায়নি। সেই সঙ্গে প্রকল্প ব্যয় আগের চেয়ে সাত গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রথমে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। কিন্তু পরে রেললাইনের নকশায় (মিটারগেজ ও ব্রডগেজ দুটিই থাকবে) পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এখন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা।
২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুম রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তখন প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয় ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া; কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু, সদর ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে স্টেশন নির্মাণের কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছর থেকে প্রকল্পের জন্য অর্থ ছাড়ও শুরু হয়। পরপর ছয় অর্থবছরে যথাক্রমে ১০ কোটি, ২২ লাখ, ৭ লাখ, ১৫ লাখ, ৩০৪ কোটি এবং সর্বশেষ চলতি অর্থবছরে ৬০৫ কোটি টাকা ছাড় করা হয়েছে।
এই প্রকল্পের পরিচালক ও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহম্মদ প্রথম আলোকে বলেন, আগের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন মিটারগেজ হওয়ার কথা ছিল। গত জুনে সংশোধিত ডিপিপি তৈরি করা হয়েছে। যেখানে ব্রডগেজ ও মিটারগেজ ট্রেন চলাচলের প্রস্তাব করা হয়েছে। এতে আরও বেশি জমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে ব্যয় অনেক বেড়েছে।
মকবুল আহম্মদ বলেন, সংশোধিত ডিপিপি নিয়ে বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা-নিরীক্ষা করছে। সেটি অনুমোদন হলে জমি অধিগ্রহণ এবং দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, প্রকল্পের নকশায় পরিবর্তনের সিদ্ধান্তের কারণে জমি অধিগ্রহণের কাজ শুরু করা যাচ্ছে না। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। এ ছাড়া প্রস্তাবিত রেললাইনের নকশাও পরিবর্তন করতে হবে বলে শুনেছি। এ কারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া পিছিয়ে গেছে।’
প্রথম উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) চট্টগ্রাম জেলায় ৩৬০ দশমিক ৩৬ একর এবং কক্সবাজার জেলায় ১ হাজার ৫১ দশমিক ১৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছিল।
জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ বাবদ ৩১২ কোটি টাকা আগাম দিয়ে রেখেছে। কিন্তু কোন দাগ ও খতিয়ান নম্বরের জমি অধিগ্রহণ করতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। আগামী মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারে বলে জেলা প্রশাসনকে জানানো হয়েছে।