নকশা লঙ্ঘন করে ভবন করার অভিযোগে রাজশাহীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ, দিঘি ভরাট ও পার্ক দখলের প্রতিবাদে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল নগ‌রের জি‌রো প‌য়েন্টে মানববন্ধন ক‌রে l ছ‌বি: প্রথম আলো
নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ, দিঘি ভরাট ও পার্ক দখলের প্রতিবাদে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল নগ‌রের জি‌রো প‌য়েন্টে মানববন্ধন ক‌রে l ছ‌বি: প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের অধীনে নির্মাণাধীন দারুচিনি প্লাজা, স্বপ্নচূড়া ও সিটি সেন্টারের মূল নকশা লঙ্ঘনের অভিযোগ এনে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে তারা মূল নকশা অনুযায়ী ভবনগুলোর নির্মাণকাজ শেষ করে অবিলম্বে বরাদ্দ দেওয়া দোকানঘর ব্যবসায়ীদের মাঝে হস্তান্তরের দাবি জানিয়েছে।

রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষও অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা বলেন, বাণিজ্যিক প্রসার ও আধুনিক বিপণিবিতান গড়ে তোলার আশা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের এসব বহুতল ভবনে দোকান বরাদ্দের জন্য বুকিং দিয়ে ব্যবসায়ীরা এখন চরম বিপাকে পড়েছেন। এগুলোর নির্মাণকাজের মেয়াদ পাঁচ বছর আগেই পার হয়ে গেছে। এখনো এগুলোর নির্মাণকাজই শেষ হয়নি। এ ক্ষেত্রে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সমাবেশ থেকে বলা হয়, রাজশাহী সিটি সেন্টারের মূল নকশা লঙ্ঘন করে ঐতিহ্যবাহী সোনাদিঘি দখল করা হচ্ছে। অবিলম্বে সিটি সেন্টার নির্ধারিত নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে। আগামী ঈদের আগেই ব্যবসায়ীদের কাছে বুকিং দেওয়া দোকানঘর হস্তান্তর করতে হবে। এ ছাড়া নির্মাণাধীন অপর দুটি বাণিজ্যিক ভবন দারুচিনি প্লাজা ও স্বপ্নচূড়া ভবনও নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, অবিলম্বে রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি রক্ষা ও দখলমুক্ত করতে হবে। এককালের ঐতিহ্যবাহী সোনাদিঘি এখন নোংরা আবর্জনায় ভরে আছে। একাংশে বালু ভরাট করে দিঘিটিকে হত্যার অপচেষ্টা করা হয়েছে।