নকশা স্থগিতের পরও চলছে কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনটির নকশা স্থগিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। ভবন নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু তার পরও চট্টগ্রাম নগরে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বিপরীতে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
চউক সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে স্কাই প্রপার্টিজ নামের একটি আবাসন প্রতিষ্ঠানের ১৩তলা স্কাই জেনুইন টাওয়ারের নকশা অনুমোদন দেওয়া হয়। ভবনের মূল নির্মাণকাজ শুরু হয় প্রায় তিন মাস আগে। এ কাজ শুরু হওয়ার পর পাশের আম্বিয়া হাউস ও মল্লিক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
চউক সূত্রে জানা গেছে, চউকের ইমারত নির্মাণ কমিটি ৬ এপ্রিল অনুমতিপত্রের শর্ত ভঙ্গ করায় ওই ভবনের নকশা স্থগিত করে এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। আম্বিয়া হাউসের মালিক খলিলুর রহমান গত ১ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্মাণকাজ বন্ধ ও স্থাপনার ওপর স্থিতাবস্থা বজায় রাখার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নকশা স্থগিত করা হলেও ভবনের নির্মাণকাজ অব্যাহত আছে। অন্তত ১০ জন শ্রমিক ভবনের ভিত্তি ঢালাই কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে ভবনের একাংশে ভিত্তি ঢালাইয়ের কাজ শেষ হয়।
চউকের নথিপত্র অনুযায়ী আবাসন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দাশ। স্থানীয় এলাকাবাসী জানান, ভবন নির্মাণের কাজ তদারকি করছেন তাঁর ভাই প্রকৌশলী ঝুলন কুমার দাশ। ভবনের নির্মাণকাজ বন্ধ আছে বলে দাবি করেন তিনি। ঝুলন কুমার দাশ বলেন, ‘নকশা স্থগিত করার পর নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। এখন পাশের ভবনের ক্ষয়ক্ষতি এড়াতে সীমানাপ্রাচীর ও প্রতিরোধ দেওয়ালের নির্মাণকাজ চলছে।’
চউকের অথারাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণে নকশা লঙ্ঘনের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তাই উভয় পক্ষের শুনানির পর নকশা স্থগিত করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, স্কাই প্রপার্টিজের আবেদনের পরিপ্রেক্ষিতে চউক রহমতগঞ্জ মৌজার বিএস দাগ নং ১১৪৪ (অংশ) ও ১১৪৫ (অংশ) এর তফসিলভুক্ত জমিতে ১৩তলা আবাসিক ইমরাতের নকশা অনুমোদন দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি যথাযথ নিরাপত্তাব্যবস্থা না নিয়ে ভবনের নির্মাণকাজ শুরু করে। পাইলিং করার জন্য মাটি খনন করা হলে পাশের ভবনগুলোর দেওয়ালে ফাটল দেখা দেয়। ভবন দুটি হলো আম্বিয়া হাউস ও মল্লিক ভবন।
সূত্র জানায়, আম্বিয়া হাউসের মালিক খলিলুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি এবং ২ ও ১০ মার্চ লিখিতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি চউককে জানান। পরে চউকের ইমারত পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা এ সময় স্কাই জেনুইন টাওয়ার নির্মাণে নকশা লঙ্ঘনের প্রমাণ পায়।
খলিলুর রহমান বলেন, ‘পাশের ভবনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আবাসন প্রতিষ্ঠানটি। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ শুরু করে তারা। এতে আমাদের ভবনের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে।’ তাঁর অভিযোগ, আদালতের আদেশ ও চউকের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানটি ভবন নির্মাণকাজ অব্যাহত রেখেছে।
চউকের অথরাইজড কর্মকর্তা-২ ও ইমারত নির্মাণ কমিটি-২-এর সদস্যসচিব মোহাম্মদ শামীমের স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয় স্কাই প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দাশকে। গত ১৯ মার্চ দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘আপনার/আপনাদের চলমান কলাম নির্মাণকাজের সঙ্গে অনুমোদিত নকশার অমিল পাওয়া গেছে। বিশেষ করে খালের পাশের বাফার ভূমি ও ছয় তলাবিশিষ্ট দুটি ভবনের সীমানাপ্রাচীর থেকে প্রয়োজনীয় সেটব্যাক রাখা হচ্ছে না। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে বহুলোকের প্রাণহানিসহ জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার/আপনাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নির্মাণকাজ অব্যাহত থাকার প্রসঙ্গে চউকের অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীম বলেন, ‘আমি ঢাকায় আছি। তবে নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছে।’