নকশাতে বড় পরিবর্তন, টাকা দিচ্ছে না বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বন্দর কর্তৃপক্ষের টাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশাতেও বড় পরিবর্তন আসছে। প্রথমে এটি লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত করার কথা ছিল। নতুন নকশায় বিমানবন্দরের সাড়ে তিন কিলোমিটার আগেই থেমে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর পরিবর্তে বারিক বিল্ডিং থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রায় সাত কিলোমিটার অংশ যুক্ত হচ্ছে। ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য সাড়ে ১৯ কিলোমিটার হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পাঁচ মাস পর চট্টগ্রাম বন্দরের কাছ থেকে টাকা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। অবশ্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলছে, এর ব্যয় সরকার বহন করবে। প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন করতে চাচ্ছে সিডিএ। প্রথম ধাপে নগরের বারিক বিল্ডিং মোড় থেকে কাঠগড় পর্যন্ত সাড়ে আট কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৫১ কোটি টাকা। দ্বিতীয় ধাপে বারিক বিল্ডিং থেকে লালখান বাজার এবং শেষ ধাপে বারিক বিল্ডিং থেকে শাহ আমানত সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।
চট্টগ্রামের উন্নয়নে উড়ালসড়কের কার্যকারিতা নিয়ে গত ৯ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং সাংসদ আফছারুল আমীন। তর্কের একপর্যায়ে আফছারুল আমীন মন্ত্রীর দিকে তেড়ে যান। সভায় উপস্থিত থাকা বিশিষ্টজনেরা ছুটে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। ‘টেকসই জনবান্ধব গণপরিবহনব্যবস্থা ও করণীয়’ শীর্ষক ওই সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, বহদ্দারহাট ও কদমতলী উড়ালসড়কে তেমন গাড়ি উঠে না। গাড়ি না উঠলে এসব উড়ালসড়ক রেখে লাভ নেই। এভাবে গাড়ি না উঠলে একপর্যায়ে উড়ালসড়কগুলো ভেঙে ফেলতে হবে।
সিডিএ সূত্র জানায়, গত ২৭ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মুরাদপুর, ২ নং গেট ও জিইসি জংশনে নির্মাণাধীন উড়ালসড়ককে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণ’ বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা হয়। এতে বন্দরের গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী ১০ বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি ধারণা উপস্থাপন করা হয়। বন্দরের আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বন্দর কর্তৃপক্ষের সঞ্চিত অর্থ ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার যন্ত্রপাতি কিনবে বন্দর। এ ছাড়া লালদিয়ার চরে টার্মিনাল, বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে টাকা দিলে এসব প্রকল্প বাস্তবায়নে বন্দরকে সহযোগী সংস্থার ওপর নির্ভর করতে হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের জন্য সিডিএ প্রাক্কলিত দর দিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। একই কাজের জন্য চীনের চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কো-অপারেশন (ক্যাটিক) নামের একটি প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে দর দিয়েছে তিন হাজার কোটি টাকা।
এ বিষয়ে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম গত মঙ্গলবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, সিডিএ ও চীনের প্রতিষ্ঠানটির মধ্যে প্রাক্কলিত দরের ব্যবধান দ্বিগুণ হওয়ার বিষয়টি যাচাই-বাছাই করার জন্য বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়ার পর ব্যয়ের বিষয়টি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, এখন বন্দরের পরিবর্তে এই প্রকল্পে সরকার অর্থায়ন করবে। প্রয়োজনে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিডিএর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম শহরের মূল সড়কের ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। একসঙ্গে কাজ করলে গাড়ি চলাচলে সমস্যা হবে। তাই তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বর্ধিত না করার বিষয়ে সিডিএর চেয়ারম্যান বলেন, আপাতত কাঠগড় পর্যন্তই হবে। কাঠগড় থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে যানজট হয় না। যদি প্রয়োজন হয়, তখন চিন্তাভাবনা করা হবে।
সিডিএর প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গত ১২ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডিপিপি অনুযায়ী, বারিক বিল্ডিং মোড় থেকে কাঠগড় পর্যন্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্থ সাড়ে ১৬ মিটার। এতে নগরের কাস্টমস হাউস মোড়ে দুটি, সিইপিজেড মোড়ে চারটি ও কেইপিজেড মোড়ে দুটি র্যা ম্প (গাড়ি ওঠানামার পথ) থাকবে। প্রতিটি র্যা ম্পের দৈর্ঘ্য ৫০০ মিটার ও প্রস্থ সাড়ে পাঁচ মিটার।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা পরিবর্তন করায় নগরবাসী কতটা সুফল পাবে, তা জানতে চাইলে সড়ক ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, এই এক্সপ্রেসওয়ে নির্মাণের আসলে কোনো প্রয়োজন নেই। হাজার হাজার কোটি টাকা খরচ করার পর বোঝা যাবে যে এটি জনগণের কোনো কাজে আসছে না।