নকশাবহির্ভূত ভবন অপসারণে অভিযান
চট্টগ্রাম নগরের নকশাবহির্ভূত ভবন চিহ্নিত ও অপসারণ করতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানের প্রথম দিনে গতকাল মঙ্গলবার নগরের মেহেদীবাগ এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন করে চউকের পরিদর্শক দল।
এ সময় অবৈধভাবে নকশার বিচ্যুতি ঘটিয়ে ও সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে কমপক্ষে ১০ জন ভবনমালিককে নোটিশ দিয়েছে চউক৷ এসব ভবনের নকশাবহির্ভূত কিছু অংশ অপসারণ করা হয়। আর ভবনের অবৈধ অংশ পুরোপুরি অপসারণ করতে ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়৷
গতকাল নোটিশ দেওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে ভিশন ইসলাম ও ভিশন শাহানা ভবন, কমফোর্ট হাইটস ও মোহাম্মদ মনিরুজ্জামানের ছয়তলা ভবন৷
চউকের অথরাইজড কর্মকর্তা-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম প্রথম আলোকে জানান, নগরের অবৈধ ভবনগুলো চিহ্নিত করার জন্য এক মাস ধরে প্রাথমিকভাবে এই অভিযান চলবে। এরপর ভবনগুলো উচ্ছেদ করার জন্য বড় আকারের অভিযান পরিচালনা করা হবে।
ভিশন ইসলাম ও ভিশন শাহানা ভবনের মালিক আতাউল হক বলেন, কোনো ধরনের নোটিশ না দিয়ে ভবনের সামনের অংশ ভেঙে ফেলা হচ্ছে। ভবনটি চউকের নকশা অনুযায়ী নির্মাণ করা হয়েছে।
এদিকে গতকালের অভিযানে উপস্থিত ছিলেন চউকের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী।