নকশাবহির্ভূতভাবে ভবন করছেন সাংসদ ওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশাবহির্ভূতভাবে ও পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা না ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ভবন তৈরি করছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল ওদুদ। এ কারণে পার্শ্ববর্তী একটি দোতলা বাড়ি হুমকির মুখে পড়েছে, ফাটল দেখা দিয়েছে বাড়ির দেয়ালে। মৌখিক অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পৌর মেয়র আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মেয়র আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে ভবনের ভিত্তি স্থাপনের জন্য গভীর গর্ত খোঁড়ায় পার্শ্ববর্তী বাড়িটি হুমকির মুখে পড়েছে বলে আমার মনে হয়েছে। তবে প্রকৌশলীরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।’ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নকশা অনুযায়ীই ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো দুর্ঘটনার বিষয় আগাম বলা সম্ভব নয়। সেখানে পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। তিনি আরও জানান, পার্শ্ববর্তী বাড়ির মালিকদের কাছ থেকে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। তবে সহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওই বাড়িতে বসবাসকারী ছয় ভাইয়ের মধ্যে আতিকুর রহমান ও সাদেকুল ইসলাম অভিযোগ করেন, সীমানা থেকে তিন ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু সাংসদ আবদুল ওদুদের মিস্ত্রিরা সে নিয়ম মেনে কাজ করছেন না। বিষয়টি সাংসদকে জানানো হয়েছে। ক্ষতি হয়—এমন কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি। গত বুধবার রাত পৌনে তিনটার দিকে বাড়ির দেয়ালঘেঁষা সীমানাপ্রাচীরের মাটির নিচের কিছু অংশ বিকট শব্দে ধসে পড়ে। এ কারণে বাড়ির দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। পরে ভয়ে-আতঙ্কে রাতভর নির্ঘুম কেটেছে তাঁদের। এখন তাঁরা বাড়ি ছাড়ছেন।ঘটনাস্থলে গেলে কর্মরত রাজমিস্ত্রি আবদুল লতিফ প্রথম আলোকে জানান, সদর উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ভবনের নকশা করেছেন। তিনি বিষয়টি জানেন। তবে ওয়াহিদুজ্জামান দাবি করেন, নকশায় ত্রুটির কারণে এমনটি হয়নি। ভবন নির্মাণকাজের দেখভালের দায়িত্বে থাকা মো. আলাউদ্দীন এ ব্যাপারে বলেন, নিয়ম অনুযায়ী সামান্য জায়গা ছেড়েই ভবন নির্মাণ করা হচ্ছে। পার্শ্ববর্তী বাড়িটি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বাড়ির লোকজনকে জরুরি ভিত্তিতে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাসের জন্য বলা হয়েছে। এর ব্যয়ভার সাংসদ আবদুল ওদুদই বহন করবেন। তা ছাড়া বাড়ির কোনো ক্ষতি হলে তা পূরণও করবেন তিনি।এ ব্যাপারে সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে জানান, পৌরসভা থেকে অনুমোদিত আগের নকশার কিছুটা পরিবর্তন করা হয়েছে। সংশোধিত নকশাও অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। সংশোধিত নকশা অনুযায়ী মিস্ত্রিরা কাজ করতে গিয়ে কিছুটা ভুল করে থাকতে পারে। এ জন্যই হয়তো সমস্যা দেখা দিয়েছে। বাড়ির মালিকদের ক্ষতি হলে তা পূরণ করা হবে। তিনি জানান, আগের নকশায়ও ছয়তলা ভবনের অনুমোদন ছিল।