নকশাবিহীন তিনতলা ভবন ভেঙে দিল সিডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশাবিহীন একটি ভবনের কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
চট্টগ্রাম নগরের লাভ লেন এলাকার আবেদিন কলোনির পুরোনো এই তিনতলা ভবনে অভিযানের সময়ও চারটি পরিবার ছিল। পরে তারা মালপত্র নিয়ে ভবন ছেড়ে যায়।
গতকাল রোববার সকালে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম।
ভবন উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভবনের নিচতলার বাসিন্দা শাহেদুল ইসলাম। ভবনের জায়গা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন তিনি। এই ভবনের দ্বিতীয় তলায় একটি ও তৃতীয় তলায় দুটি পরিবার বসবাস করে বলে জানান তিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে জানান, নকশা ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। ভেঙে ফেলার জন্য ভবনমালিক রিজিয়া বেগমকে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি তা না করায় সিডিএ ভবনটির কিছু অংশ ভেঙে দিয়েছে। পুরো ভবন ভেঙে ফেলার জন্য রিজিয়া বেগমকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ভবনের বাসিন্দা শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরাই বাড়িওয়ালা। ১৯৮৯ সাল থেকে এই ভবনে বসবাস করে আসছি। রিজিয়া বেগমের পরিবার প্রভাব খাটিয়ে জায়গার দখল নিতে সিডিএর মাধ্যমে আমাদের উচ্ছেদ করছে।’
এ বিষয়ে রিজিয়া বেগমের বড় ছেলে আজিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এটি অনেক পুরোনো ভবন। নকশা না থাকায় সিডিএ ভবন ভেঙে দিয়েছে। শাহেদুল ইসলামের দাবির বিষয়ে তিনি বলেন, ‘জায়গাটি আমার মায়ের। তাঁরা (শাহেদ) আমাদের ওখানে ভাড়া থাকতেন। আর সিডিএ কাগজপত্র দেখে নিশ্চিত হয়েছে, এটি আমাদের জায়গা।’
সিডিএর সহকারী অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ওসমান বলেন, ‘ভবনের মালিক কে, তা আমাদের কাছে মুখ্য নয়। এটি নকশাবিহীন ভবন। আর আমাদের কাছে থাকা নথিপত্র অনুযায়ী ভবনের মালিক রিজিয়া বেগম। তাই তাঁকেই নোটিশ দেওয়া হয়েছে।’
সিডিএ সূত্র জানিয়েছে, ভবন ভাঙার কাজে অংশ নেন ২০ জন শ্রমিক এবং একটি বুলডোজার।