নকশার আগেই পাইলিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটা করে গতকাল মেট্রোরেল প্রকল্পের ডিপো নির্মাণের জন্য পা​ইলিংয়ের কাজ উদ্বোধনে যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷ উত্তরা তৃতীয় পর্ব এলাকায় এ জন্য বড় মঞ্চও করা হয়৷ হঠাৎ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে প্যান্ডেল৷ মন্ত্রীসহ (সাদা শার্ট পরা) অন্য অতিথিরা যে যাঁর মতো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকেন l ছবি: প্রথম আলো
ঘটা করে গতকাল মেট্রোরেল প্রকল্পের ডিপো নির্মাণের জন্য পা​ইলিংয়ের কাজ উদ্বোধনে যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷ উত্তরা তৃতীয় পর্ব এলাকায় এ জন্য বড় মঞ্চও করা হয়৷ হঠাৎ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে প্যান্ডেল৷ মন্ত্রীসহ (সাদা শার্ট পরা) অন্য অতিথিরা যে যাঁর মতো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকেন l ছবি: প্রথম আলো

এখনো নকশা চূড়ান্ত হয়নি। শুরু হয়নি নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও। সম্পন্ন হয়নি ঋণচুক্তির পুরো প্রক্রিয়া। এ অবস্থায় মেট্রোরেলের ডিপো নির্মাণের পাইলিংয়ের কাজ উদ্বোধন করে ফেলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বুধবার উত্তরা তৃতীয় পর্বে রীতিমতো মঞ্চ তৈরি করে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী৷ আগের দিনই মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমে চিঠি পাঠানো হয়। গণমাধ্যমকর্মীদের সকালে প্রেসক্লাব থেকে গাড়িতে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রোরেল প্রকল্পটি মোটামুটি তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে নকশা প্রণয়ন, দ্বিতীয় পর্বে নির্মাণ এবং সর্বশেষ পর্বে চলাচল। প্রকল্পের কাজ এখন পর্যন্ত প্রথম পর্বেই রয়েছে। এই পর্বে প্রাতিষ্ঠানিক উন্নয়নে আরেকটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্বের কাজ শেষ হবে ২০১৫ সালে। আর দ্বিতীয় পর্ব বা নির্মাণকাজ শুরু হবে ২০১৬ সালের অক্টোবরে। পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার কথা ২০২০ সালে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। তবে নির্মাণকাজ শুরুর সময় এগিয়ে আনার চেষ্টা চলছে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। অবশ্য এ জন্য জাইকার অনুমোদন লাগবে।
গত ২৫ ফেব্রুয়ারি জাপানের পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোই প্রথম পর্বের অর্থাৎ নকশা প্রণয়ন ও আনুষঙ্গিক কারিগরি কাজ শুরু করে। এ কাজের জন্য নিপ্পন কোইয়ের সঙ্গে ৯২৮ কোটি টাকার চুক্তি হয় গত বছরের নভেম্বরে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসলে ডিপোর পাইলিং কাজ শুরু হতে আরও অনেক দেরি। মেট্রোরেল পথ ও ডিপো একই সময়ে নির্মাণ শুরু হবে। গতকাল মূলত মাটি পরীক্ষা (জিও টেকনিক্যাল সার্ভে) শুরু হয়েছে। এটাকেই যোগাযোগমন্ত্রীর দপ্তর পাইলিং-কাজের উদ্বোধন বলে প্রচার করেছে। ডিপো এলাকা ও উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেলের পুরো পথেই এই পরীক্ষা করা হবে। এটা নকশা প্রণয়ন ও মেট্রোরেলের পথ কারিগরিভাবে চূড়ান্তকরণেরই অংশ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, নকশা প্রণয়নের আগে পাইলিং কাজ শুরু করার কোনো সুযোগ নেই৷ পাইলিং হচ্ছে নির্মাণকাজের অংশ৷ আর নির্মাণকাজ করতে হলে আগে নকশা

লাগবে৷ নকশা প্রণয়ন করতে হলে মাটি কী পরিমাণ ভার বহন করতে পারবে, এর গুণাগুণ কী, তা যাচাই করতে হয়৷ এখন যা হচ্ছে সেই মাটির গুণাগুণ সম্পর্কে তথ্য সংগ্রহ বলা যায়৷
সামছুল হক আরও বলেন, নকশা হলে প্রথমে পরীক্ষামূলক (টেস্ট) পাইল করতে হয়৷ এর পরই মূল পাইল করতে হবে৷ এটা অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়৷ তথ্য সংগ্রহ, নকশা প্রণয়ন ও নির্মাণ একে অপরের পরিপূরক৷ তবে তা পর্যায়ক্রমে করতে হয়৷
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল উত্তরায় পাইলিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, মেট্রোরেল নির্মাণে চলতি বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হবে। আগামী বছরের এপ্রিলে মূল কাজ শুরু হবে। ২০১৯ সালে মেট্রোরেলের যাত্রা শুরু হবে।
পাইলিংয়ের কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাহারা খাতুন, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জয়নাল আবেদীন, মেট্রোরেল প্রকল্পের নির্বাহী পরিচালক মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের দূতাবাস ও জাইকার প্রতিনিধিরা৷ অনুষ্ঠানের একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে যায় মঞ্চ৷
জানতে চাইলে যোগাযোগসচিব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আধুনিক প্রযুক্তিতে বোরিং করে করে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। নকশা ও মাটি পরীক্ষার কাজ শেষ হলেই ঠিকাদার নিয়োগ হবে। প্রকল্প প্রস্তাবে যে সময়সীমা ধরা হয়েছে, সে তুলনায় সব কাজে ছয় মাস এগিয়ে আছে বলে তিনি দাবি করেন।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেট্রোরেলের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। শুধু নকশা প্রণয়নে যে অর্থের প্রয়োজন, সেটা দেওয়ার জন্য চুক্তি করেছে জাইকা। বাকি অর্থ পর্যায়ক্রমে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাইকা। তবে নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন, তা পাওয়ার আগে আরেক দফা চুক্তি হবে। এরপর নির্মাণ ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হবে।
সূত্র জানায়, মেট্রোরেলের ডিপো এলাকায় মেরামত কারখানা, রাতে ট্রেন রাখার স্থান, গাড়ি পার্কিংসহ নানা স্থাপনা নির্মাণ করতে হবে। এ জন্য প্রায় ৫৪ একর জমির দরকার হবে। এ পর্যন্ত রাজউক ৪০ একর জায়গা দিয়েছে। তবে এখনো তা বুঝিয়ে দেয়নি।
২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে পল্লবী, রোকেয়া সরণি, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে শেষ হবে। পথে ১৬টি স্টেশন থাকবে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ থাকবে। উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পুরোটাই হবে উড়ালপথে।
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অধীন ঢাকা গণপরিবহন কোম্পানি এ প্রকল্প বাস্তবায়ন করছে।