নকশায় ভুল, কাজ বন্ধ দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশায় আছে ৮ ফুট চওড়া কিন্তু খোঁড়া হয় ১০ ফুট। বালি আর খোয়াও ফেলা হয় সেখানে। ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের এই ভুলের কারণে ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি গ্রামের একটি রাস্তা পাকাকরণের কাজ প্রায় দেড় বছর ধরে আটকে আছে। এতে গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খড়াশুনি গ্রামের পূর্বপাড়ায় ৯০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেয় এলজিইডি। নলডাঙ্গা-তেঁতুলতলা ভায়া খড়াশুনি সড়কের তোতা মিয়ার দোকান থেকে গ্রামের কিছু এলাকা ঘুরে আতিয়ার রহমানের বাড়ি পর্যন্ত পাকা করার জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান ঝিনাইদহ শহরের ঠিকাদার সোলাইমান হোসেন।
জানতে চাইলে এলজিইডির ঝিনাইদহ সদর প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, গত বছরের মার্চে ওই কাজ শুরু করা হয়। কিন্তু বিষয়টি ঠিকাদার তাঁদের অবহিত করেননি। পরে তাঁরা খবর পেয়ে গিয়ে দেখেন ৮ ফুট চওড়া রাস্তা ১০ ফুট কাজ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এর আগে ১৫-২০ দিন কাজ করেছিলেন ঠিকাদার।
খড়াশুনি গ্রামের বাসিন্দা সাবজাল হোসেন বলেন, এলজিইডির কর্মকর্তারা আর ঠিকাদার উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করেন। কিছুদিন কাজ করার পর হঠাৎ করে বন্ধ করে চলে যান। বাড়ি থেকে বের হয়ে তাঁদের আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি মাসের পর মাস খোয়া বিছিয়ে ফেলে রাখায় ভোগান্তির অন্ত নেই। রাস্তার ওপর খোয়া থাকায় হেঁটে যেতেও সমস্যা হয়। একই গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বলেন, গ্রামের মধ্যে ভ্যান-রিকশা যেতে পারে না। হাঁটাও দায়। যে ভুলের কারণে তাঁদের এই দুর্ভোগ, সেই ভুল যাঁরা করেছেন, তাঁদের বিচার হওয়া উচিত।
কাজের ঠিকাদার সোলাইমান হোসেন গত ৩০ জুন মারা যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, এলজিইডির কর্মকর্তারা যেভাবে দেখিয়ে দিয়েছিলেন, সেভাবেই তিনি কাজ করেন। কিন্তু পরে ভুল নকশার কথা বলে কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দেয়।
এলজিইডির ঝিনাইদহ কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, নকশা ভুলের কারণে একটু সমস্যা হয়েছে। তবে নতুন নকশা অনুমোদন হয়ে গেছে। আশা করা যায় যে কাজটি দ্রুত শেষ করা যাবে।