নকী ও জুন্নুনের হাত ধরে জঙ্গিবাদে জড়ান রেদওয়ানুল
আনসারুল্লাহ বাংলা টিমের নেতা সিকান্দার আলী নকী ও জুন্নুন শিকদারের হাত ধরে জঙ্গিবাদে জড়িয়েছেন রেদওয়ানুল আজাদ (রানা)। আর জুন্নুনের বাসায় বসেই ব্লগার রাজীব হায়দারকে হত্যার পরিকল্পনা হয়। ব্লগার রাজীব হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল রিমান্ডে এসব তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০১২ সালে ঢাকায় নর্থ সাউথে পড়ার সময় রেদওয়ানুল জঙ্গিবাদে দীক্ষা পান। রেদওয়ানুল বলেছেন, নর্থ সাউথে পড়ার সময় ক্যাম্পাসে সপ্তাহে একদিন তাঁদের ‘ওপেন ফোরামে’ জিহাদ নিয়ে আলোচনা হতো। তাতে বক্তৃতা করতেন নকী ও জুন্নুন। এই দুজনের মাধ্যমে রেদওয়ানুল আনসারুল্লাহ বাংলা টিমে যুক্ত হয়েছেন।
নকী ২০১৪ সালে গ্রেপ্তার হয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কারাগারে আছেন। আর জুন্নুন এখন সিরিয়ায় আছেন বলে পুলিশকে জানিয়েছেন রেদওয়ানুল।
তদন্তসংশিষ্ট ব্যক্তিরা বলছেন, রিমান্ডে রেদওয়ানুল জানান, মালয়েশিয়ায় যাওয়ার পর তাঁর সঙ্গে জুন্নুনের যোগাযোগ হয়। জুন্নুন এখন সিরিয়ায় আছেন। তিনি সিরিয়ায় যাওয়ার জন্য রেদওয়ানুলকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তুরস্কের সীমান্তে কঠোর নজরদারি ও পাসপোর্ট নিয়ে কিছু সমস্যার কারণে রেদওয়ানুল মালয়েশিয়া থেকে সিরিয়ায় যাওয়ার ব্যাপারে কিছুটা আগ্রহ হারান।
রেদওয়ানুল তদন্তকারীদের বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ব্লগার রাজীব হত্যার পর বসুন্ধরায় নিজের বাসা ছেড়ে পূর্ব রামপুরায় মামার বাসায় ওঠেন। পাঁচ মাস পর সেখান থেকে রামপুরায় নানির বাসায় ওঠেন। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি নতুন পাসপোর্ট করে ছাত্র ভিসায় মালয়েশিয়ায় যান।
তদন্তকারীরা বলেন, রেদওয়ানুল মালয়েশিয়া পালিয়ে গেছেন, এমন খবর জানার পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মালয়েশিয়ার পুলিশকে জানানো হয়েছিল। এরপর ১৯ জানুয়ারি মালয়েশিয়ার পুলিশ সহযোগীসহ তাঁকে আটক করে। দুজনকে দেশে ফেরত পাঠানোর পর গত সোমবার ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমায় উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করার দায়ে কাজী মো. রেজওয়ান আহসান নাফিস নামে যে বাংলাদেশির ৩০ বছরের সাজা হয়, তিনিও রেদওয়ানুলের ঘনিষ্ঠ ছিলেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নাফিস, রেদওয়ানুল, জুন্নুন ও নকী ঢাকায় জঙ্গিদের একই গ্রুপের সদস্য ছিলেন। নাফিস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদে রেদওয়ানুল বলেন, নাফিস মাঝেমধ্যে তাঁদের গ্রুপের সদস্যদের বলতেন যুক্তরাষ্ট্রে আল-কায়েদার কয়েকজন ভাই পেয়েছেন। আক্রমণের সুযোগ খুঁজছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে নাফিস ধরা পড়েন। পরের বছর তাঁর সাজা হয়। রেদওয়ানুল আজাদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেদওয়ানুলের সহযোগীদের অবস্থান জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে। প্রয়োজনে আবার রিমান্ডের আবেদন করা হতে পারে।