নখ-দন্তহীন বিড়ালে পরিণত হবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক সেন্টারে গতকাল টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা কামাল ও ইফতেখারুজ্জামান  ছবি: প্রথম আলো
ব্র্যাক সেন্টারে গতকাল টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা কামাল ও ইফতেখারুজ্জামান ছবি: প্রথম আলো

জাতীয় সংসদে পাস হওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধনী বিলে সম্মতি না দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংস্থাটি এ আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনের শুরুতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনটির ৩২(২) ও ৩২(ক) ধারার প্রতিস্থাপন প্রক্রিয়া ও সংশোধনীর মর্মার্থ পুরোপুরি অসাংবিধানিক, বৈষম্যপরায়ণ, প্রতারণামূলক, আত্মঘাতী ও গভীরভাবে হতাশাব্যঞ্জক। এ বিলে সম্মতি না দেওয়ার জন্য গত ১৭ নভেম্বর রাষ্ট্রপতির কাছে টিআইবি লিখিত আবেদন করেছে। তিনি বলেন, নতুন সংশোধনীর ফলে দুদক এখন নখ-দন্তহীন বিড়ালে পরিণত হবে।

গত ১০ নভেম্বর ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনী বিল-২০১৩’ পাস করা হয়। সংশোধিত আইনের ৩২(২) ও ৩২(ক) ধারায় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও মামলা দায়েরে সরকারের পূর্ব অনুমতির বিধান রাখা হয়েছে। আগের আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে দুদকের একক ক্ষমতা ছিল। এ বিষয়ে টিআইবি তাদের অবস্থান তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলন করে।

ইফতেখারুজ্জামান বলেন, ১১৫ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা দুদক আইনে ঢুকিয়ে জর্জ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার আগে সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়ার বিধান রেখে আইনটিকে অসাংবিধানিক করা হয়েছে। এ ছাড়া এই ধারা অন্তর্ভুক্তির ফলে যে বিরাট ঝুঁকি তৈরি হয়েছে, তার তুলনায় সংশোধনীর দুই-একটি ইতিবাচক বিষয় নিতান্তই নগণ্য।

ইফতেখারুজ্জামান আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন সংশোধনীর ফলে দুদকের সাহসী ও দক্ষ কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অপারগ হবেন। পাশাপাশি আইনে নতুন করে প্রতিস্থাপিত ‘তথাকথিত অসৎ উদ্দেশ্যে আনীত মামলার জন্য ২-৫ বছরের সাজা’র ধারাটিও তাদের নিরুৎসাহিত করবে।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, চুপিসারে এ বিলটি পাস করা হয়েছে। যাঁরা এবং যেসব রাজনৈতিক নেতা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের মতামতও নেওয়া হয়নি। তিনি বলেন, ‘সংবিধানে সবাই সমান হলে এ আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না?’
সুলতানা কামাল অভিযোগ করে বলেন, মেয়াদের শেষ সময়ে এসে সরকার প্রতিশ্রুতি লঙ্ঘনে সর্বোচ্চ সচেষ্ট হয়েছে।