নগদ অর্থ সহায়তা পাবেন দরিদ্র অন্তঃসত্ত্বারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা এবং অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের নগদ অর্থ সহায়তা দেবে সরকার। রংপুর ও ঢাকা বিভাগের সাতটি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে এমন পাঁচ লাখ দুস্থ মহিলা বাছাই করা হবে। মূলত দরিদ্র মায়েদের দারিদ্র্য নিরসনের পাশাপাশি তাঁদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে এ কর্মসূচি।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) নামের এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটিতে খরচ হবে ২ হাজার ৩৭৮ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৩৮ কোটি টাকা। বাকি ২ হাজার ৩৪০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। স্থানীয় সরকার বিভাগ চলতি বছরের এপ্রিল থেকে ২০২০ সালের জুন মাসের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী এবং ঢাকা বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ—এই সাত জেলায় দারিদ্র্যের হার ৩৫ শতাংশের বেশি। এসব জেলায় অপুষ্টির হারও অন্য এলাকার চেয়ে বেশি। তাই এ প্রকল্পে প্রাথমিকভাবে এসব জেলাকে বাছাই করা হয়েছে। তবে পর্যায়ক্রমে দেশের বাকি জেলাও এ প্রকল্পের আওতায় আনা হবে। দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভকালীন মোট চারবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার সময় ২০০ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে সন্তান জন্মের প্রথম ২৪ মাস পর্যন্ত দরিদ্র মায়েদের প্রতি মাসে একবার শিশুর শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ৫০০ টাকা দেওয়া হবে। শিশুর বয়স ২৫ থেকে ৬০ মাস পর্যন্ত তিন মাসে একবার শিশুর শরীর বৃদ্ধির পরীক্ষা করে মাকে নগদ এক হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া অন্তঃসত্ত্বা মহিলা ও মায়েরা প্রতি মাসে অনুষ্ঠিত শিশুর পুষ্টি ও উন্নত শিক্ষা-সংক্রান্ত কর্মশালায় অংশ নিলে প্রতিবার ৫০০ টাকা করে পাবেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে শিশু ও নারী-মৃত্যুহার কমবে। আবার একই সঙ্গে শিশু ও নারীর পুষ্টিও নিশ্চিত হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় এই প্রকল্পটিসহ মোট ৪ হাজার ৪৯০ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার নিজস্ব উৎস থেকে দেবে ১ হাজার ৬৩৬ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসাবে পাওয়া যাবে ২ হাজার ৮৪৭ কোটি টাকা। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে সাত কোটি টাকা।
গতকাল একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৯৭৯ কোটি টাকার ধনুয়া-এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীর-নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, ৯৯ কোটি টাকার গোপালগঞ্জ বিসিক শিল্পনগর সম্প্রসারণ প্রকল্প, ৭৮ কোটি টাকার গৌরীপুর-হোমনা সড়কটি কুমিল্লা-সিলেট মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ প্রকল্প, ৭২ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি ব্রডগেজ ও ৫০টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্প, ৬৭৬ কোটি টাকার গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প, ৮৩ কোটি টাকার কিশোরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী, চিকলী ও চারলকাটা নদীতীর সংরক্ষণ প্রকল্প এবং ১২৫ কোটি টাকার বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প।