নগদ অর্থের সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক তার দুটি নীতিনির্ধারণী উপাদানের সুদের হার বাড়িয়েছে। তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ ব্যবস্থা নেয়। এতে মুদ্রাবাজারে নগদ অর্থের জোগান আরও ব্যয়বহুল করা হলো।কেন্দ্রীয় ব্যাংক গতকাল রেপো (ট্রেজারি বিল জমা রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ঋণ বা পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর (পুনঃ পুনঃক্রয় চুক্তি) সুদহার দশমিক পাঁচ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। রেপোর সুদহার ৭ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৭৫ ও রিভার্স রেপোর সুদহার ৫ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে মুদ্রা ব্যবস্থাপনার অংশ হিসেবে বাজারে নগদ অর্থের রাশ আরও টেনে ধরার আগাম ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের আগস্ট মাসের পর থেকে মূল্যস্ফীতির লাগাম টানতে ও বাজারে নগদ টাকার সরবরাহ কমাতে ছয়বার রেপো ও রিভার্স রেপোর সুদহার পরিবর্তন করেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আগামী রোববার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।