হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাজার ও কড়রা গ্রামে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা, মোবাইল ফোনসেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এলাকাবাসী সূত্র জানায়, ডাকাতেরা রতনপুর বাজারের প্রহরী মোহাম্মদ আলী ও সানু মিয়ার হাত-পা বেঁধে আলী নূর স্টোর, সুরঞ্জন স্টোর ও সোহেল স্টোরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে ৭২ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।আলী নূর স্টোরের মালিক আলী নূর জানান, তাঁর ক্যাশ বাক্স থেকে ৪৫ হাজার টাকা ও কোমল পানীয়সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।একই রাতে ইউনিয়নের কড়রা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাদশা মিয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে টেলিভিশন, মোবাইল ফোনসেট ও সাত হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ছাড়া রতনপুর-শাহপুর সড়কে পথচারীদের আটক করে ডাকাতেরা টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।মাধবপুর থানার ডিউটি অফিসার অহিদুর রহমান গতকাল বিকেলে বলেন, ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।