নগদে প্লট-ফ্ল্যাট কিনে অপেক্ষায় দিন গোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসন প্রকল্পে প্লট ও ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন প্রায় ৭০০ গ্রাহক। পুরো টাকা পরিশোধ করে দিন গুনছেন বছরের পর বছর ধরে। কবে বুঝে পাবেন প্লট-ফ্ল্যাট, পাচ্ছেন না কোনো নিশ্চয়তা।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে চারটি প্রকল্পের অধীনে এসব ফ্ল্যাট ও প্লট বিক্রি করা হয়। নগরের বিশ্বকলোনি এলাকায় লেকসিটি আবাসন প্রকল্পে ৫৪৮টি প্লট, পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে কোবে আবাসন প্রকল্পে ৪৩টি প্লট, মাদারবাড়ি এলাকায় পোর্ট সিটি আবাসন প্রকল্পে ৫০টি প্লট এবং অক্সিজেন অ্যাপার্টমেন্ট প্রকল্পে ৪৬টি ফ্ল্যাট বিক্রি করা হয়।
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী করপোরেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১০০ কোটি টাকায় এসব ফ্ল্যাট ও প্লট বিক্রি করেছিলেন। কিন্তু বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম এসব প্রকল্প বাস্তবায়নে খুব একটা আগ্রহী ছিলেন না বলে অভিযোগ করেন গ্রাহকেরা।
জানতে চাইলে মেয়র মন্জুর আলম বলেন, ‘আবাসন প্রকল্পগুলোর উন্নয়ন নিয়ে কিছু আইনি জটিলতা ছিল। এগুলো দূর করার প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের প্লট-ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মধ্যে কোবে আবাসন ও পোর্ট সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম মামলার কারণে বন্ধ রয়েছে। ঠিকাদারের টাকা পরিশোধ না করায় প্রায় দুই বছর বন্ধ ছিল অক্সিজেন অ্যাপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রম। আর লেকসিটি আবাসন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে।
লেকসিটি আবাসন প্রকল্পের প্লট ক্রেতা রমা প্রসাদ মিত্র প্রথম আলোকে বলেন, ‘সাত বছর আগে গ্রামের বাড়ির জায়গা বিক্রি করে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৫ লাখ টাকায় একটি প্লট কিনেছিলাম। এখনো প্লট বুঝে পাইনি, কবে পাব তারও কোনো নিশ্চয়তা নেই। প্লট না কিনে টাকা ব্যাংকে রাখলে এত দিনে সুদাসল ৩০ লাখ টাকা পেতাম। তা তো হয়নি, এখন প্রতি মাসে বাড়িভাড়া বাবদ অনেক টাকা খরচ করতে হচ্ছে।’
লেকসিটি আবাসন প্রকল্প: নগরের ফয়’স লেকের পাশে পাহাড়ি এলাকায় এই আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য ২০০৩ সালে ৩১ একর জমি কেনে করপোরেশন। এ প্রকল্পে ২০০৬ সালে ৫৪৮টি প্লট বিক্রি করা হয়। এতে করপোরেশনের আয় হয়েছিল প্রায় ৮৩ কোটি টাকা।
গ্রাহকদের অভিযোগ, আট বছর পার হলেও এখন পর্যন্ত প্লট বুঝে পাননি কেউই। করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে বারবার ধরনা দেওয়ার পর কর্মকর্তারা বলছেন, আগামী বছরের মধ্যে এসব প্লট বুঝিয়ে দেওয়া হবে।
অনুসন্ধানে জানা গেছে, সাবেক মেয়রের আমলে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমতি না নিয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। এ কারণে মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছিল সিডিএ।
এরপর ২০০৭ সালের জুনে চট্টগ্রামে ভয়াবহ পাহাড়ধসের পর এই প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব সংস্থার অনুমতি নিয়ে ২০১৩ সালের এপ্রিলে আবার কাজ শুরু হয়। এখনো কাজ চলছে, তবে গতি শ্লথ।
লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ চৌধুরী বলেন, ‘২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও আমাদের ৫৪৮ জন প্লট মালিকের কাউকেই প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। নতুন করে জমি কেনারও সামর্থ্য নেই। তাই প্লটগুলো দ্রুত হস্তান্তরের জন্য বারবার অনুরোধ করেছি। কাজ হচ্ছে না।’
কোবে হাউজিং সোসাইটি: সিটি করপোরেশন কর্তৃপক্ষ ২০০৫ সালে এই প্রকল্পের অধীনে আড়াই কাঠা, তিন কাঠা ও চার কাঠা আয়তনের ৪৩টি প্লট বিক্রি করে। কাঠাপ্রতি ছয় লাখ টাকা দরে বিক্রি করে এই প্রকল্পে আয় হয়েছিল প্রায় সাত কোটি টাকা। কিন্তু সীমানা বিরোধ নিয়ে করপোরেশনের সঙ্গে দীর্ঘদিন ধরে আবুল খায়ের গ্রুপের মামলা চলার কারণে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে।
পোর্ট সিটি আবাসন প্রকল্প: এ প্রকল্পে ১৯৯৬ সালে নগরের মাদারবাড়ি এলাকায় ৭ দশমিক ২৪ একর জায়গায় ১৫০টি প্লট করার কথা ছিল। কাঠাপ্রতি ১০ লাখ টাকা মূল্যে ২০০২ সাল থেকে কয়েক দফায় ৫০টি প্লট বিক্রি করা হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের মামলার কারণে প্রকল্পটি বন্ধ রয়েছে। প্লটও বুঝে পাচ্ছেন না ৫০ গ্রাহক।
অনুসন্ধানে দেখা যায়, ১৯৯৬ সালে সর্বোচ্চ দরদাতা হিসেবে সিটি করপোরেশন ১৩ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৩৩০ টাকা দামে জমিটি রেলওয়ের নিকট থেকে কিনে নেয়। দুই কিস্তিতে তিন কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৩৩০ টাকা পরিশোধ করা হয়। এরপর রেলওয়ের নিকট করপোরেশন কর খাতে ৬৩ কোটি টাকা পাওনা দাবি করে তা সমন্বয়ের প্রস্তাব দেয় করপোরেশন। কিন্তু রেলওয়ে এতে রাজি হয়নি। এ অবস্থায় ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর বিক্রয় চুক্তি বাতিল করে রেলওয়ে। এ নিয়ে রেলওয়ে এবং সিটি করপোরেশনের পাল্টাপাল্টি মামলায় ঝুলে আছে প্রকল্পের উন্নয়নকাজ।
অক্সিজেন অ্যাপার্টমেন্ট প্রকল্প: নগরের রৌফাবাদ এলাকায় অবস্থিত এই প্রকল্পের অধীনে ৯৫০ ও ৮০০ বর্গফুট আয়তনের ৭২টি ফ্ল্যাট রয়েছে। প্রতি বর্গফুট দেড় হাজার থেকে তিন হাজার টাকা করে ৪৬টি ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। করপোরেশনের একটি সূত্র জানায়, নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গেলেও পাওনা পরিশোধ না করায় ঠিকাদাররা ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছেন না।
জাহান আরা বেগম নামের একজন ক্রেতার ভাই মোহাম্মদ বশির বলেন, ‘প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে আমার বোন ২০০৫ সালে একটি ফ্ল্যাট কিনেছিলেন; নয় বছরেও তা বুঝে পাননি। নতুন মেয়র আসার পর থেকে এই প্রকল্পের কাজ আটকে আছে। কবে নাগাদ ফ্ল্যাট বুঝে পাব তাও জানি না। একই অবস্থা অন্যদেরও।’
করপোরেশনের সহকারী প্রকৌশলী শাহীন উল ইসলাম বলেন, ‘ঠিকাদারের বিল পরিশোধ না করা এবং বিভিন্ন কারণে এ প্রকল্পের কাজ প্রায় দুই বছর বন্ধ ছিল। এখন কাজ শুরু হলেও তা শেষ করতে কমপক্ষে চার মাস লাগবে।’