নগর আ.লীগের দুই পক্ষের সঙ্গে বৈঠক বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জঙ্গল ছলিমপুরের পাহাড়ি এলাকায় এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইম্যানের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। একই দিন তিনি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় নিজস্ব জায়গায় স্থাপিত চট্টগ্রামের আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা কার্যালয় উদ্বোধন করবেন।জানা গেছে, এই দুই উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর স্থানীয় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পাশাপাশি দলের মহানগর কমিটির বিবদমান দুই পক্ষের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করার কথা ছিল। তবে গতকাল রোববার বেলা দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় সার্কিট হাউসের সব অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়। নগর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সমঝোতার পরিবর্তে দূরত্ব বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে এই পরিবর্তন আনা হয় বলে জানা গেছে।চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্বে আছেন কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসি অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন। দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সর্বশেষ চট্টগ্রাম সফরকালে সার্কিট হাউসে বৈঠক হয়। বৈঠক চলার সময় সার্কিট হাউসে ঢোকার পথে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।স্থানীয় প্রশাসন সূত্র জানায়, এবার সার্কিট হাউসে দলের বিবদমান দুই পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হলে গতবারের মতো সংঘর্ষের আশঙ্কা আছে—প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা এ রকম প্রতিবেদন দিয়েছে। এ কারণে শেখ হাসিনার সফরসূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনা হয়।দলের উত্তর জেলার সভাপতি সাংসদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সমঝোতার উপায় নিয়ে আমি লিখিত প্রতিবেদন তৈরি করেছি। এটি প্রধানমন্ত্রীর কাছে জমাও দিয়েছি।’ দলের কোন্দল মীমাংসা না হওয়ায় প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক বাদ দিয়েছেন কি না, জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’মহিউদ্দিন চৌধুরী দলীয় কোন্দলের কারণে বৈঠক বাতিল হয়েছে বলে মনে করেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্ভবত ঢাকায় কোনো কাজ আছে। এ কারণে তিনি চট্টগ্রামে না খেয়ে এবং দুটি বৈঠক না করে ঢাকায় ফিরে যাচ্ছেন।’প্রধানমন্ত্রীর সফরসূচি আংশিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী দুই প্রকল্প উদ্বোধন করে সরাসরি ঢাকা চলে যাবেন, সার্কিট হাউসে আসবেন না। ঢাকায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ থাকায় তাঁর সফরসূচিতে এই পরিবর্তন আনা হয়।’নতুন কর্মসূচি অনুযায়ী দুটি প্রকল্প উদ্বোধনের পর বেলা একটার মধ্যে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন। আগের কর্মসূচি অনুয়ায়ী সার্কিট হাউসের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর বিকেল চারটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।